২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে যুবলীগ নেতা, কুমিল্লায় ছাত্রলীগ নেতা নিহত

অভ্যন্তরীণ কোন্দলে ফেনীতে এক যুবলীগ নেতা সোমবার নিহত হয়েছেন। অন্যদিকে সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লায় নিহত হয়েছেন এক ছাত্রলীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 10:44 AM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভ্যন্তরীণ কোন্দলে ফেনীতে এক যুবলীগ নেতা সোমবার নিহত হয়েছেন। অন্যদিকে সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লায় নিহত হয়েছেন এক ছাত্রলীগ নেতা। ফেনী প্রতিনিধি জানান, সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার দখলকে কেন্দ্র করে সোমবার যুবলীগের দু গ্র"পের মধ্যে সংঘর্ষে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন পাঁচগাছিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি ওমর হানিফ টিপু (৩২)। সে পাঁচগাছিয়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে। ফেনী সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাত ৮টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবিনিময় হয়। এসময় টিপু গুলিবিদ্ধ হন। ওসি বলেন, "টিপুকে রাতে প্রথমে ফেনী সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হয়। মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।" আমিনুল ইসলাম জানান, টিপুর মা ফিরোজা বেগম বাদি হয়ে সোমবার রাতে ফেনী থানায় একটি মামলা করেন। এতে স্থানীয় যুবলীগ কর্মী সাইফুল ইসলাম বাবুল, রতন, মিন্টু ও ফারহানসহ ১৫/২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদিকে সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মানিক অভিযোগ করেন, এলাকায় মাদক ব্যবস্থার ভাগ বাটোয়ারা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। কুমিল্লা প্রতিনিধি জানান, শহরের চকবাজার এলাকায় সোমবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন কোতয়ালী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাজমুল হুদা এলিন (২৮)। কুমিল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, চকবাজার এলাকারা শাপলা মার্কেটের গলিতে রাত ৮টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা এলিনকে উপুর্যপুরী চুরিকাঘাত ও গুলি করে ফেলে রেখে যায়। প্রত্যক্ষদর্শী এক রিক্সাচালক মামুন জানান, রাতে রক্তাক্ত অবস্থায় এক যুবককে চিৎকার করতে দেখেন তিনি। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন। এলিনের বড় ভাই যুবদল নেতা হাজী মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যে ৭টার দিকে এলিনকে তার বন্ধু বাবু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে রাত ৯ টার দিকে এলিনের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাকে মৃত দেখতে পান। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এসআই আব্দুস সাত্তার জানান, রিক্সাচালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৬৩৩ ঘ.