ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টন চুক্তি ত্বরান্বিত করতে একমত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের সচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, শুকনা মৌসুমে তিস্তায় পানি প্রবাহ কমে যাওয়ায় দুই দেশের মানুষকেই সমস্যায় পড়তে হয়। তাই পানি বণ্টনের বিষয়ে কার্যকর একটি সুরাহা হওয়া প্রয়োজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের এক সপ্তাহ আগে সোমবার যৌথ নদী কমিশনের গুরুত্বপূর্ণ এ বৈঠক শুরু হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বৈঠক শেষ হওয়ার পর পানিসম্পদ সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদ-উজ-জামান সাংবাদিকদের বলেন, তারা এমন একটি অবস্থায় পৌঁছেছেন যাতে উভয় দেশের জনগণ লাভবান হবে।
"দুই দেশের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে যে পার্থক্য ছিলো, তা আমরা কমিয়ে এনেছি যা তিস্তার পানি বণ্টনে প্রভাব ফেলবে", বলেন ভারতের পানিসম্পদ সচিব ইউ এন পাঁজিয়ার।
বৈঠকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন ওয়াহিদ-উজ-জামান; নয়াদিল্লির পক্ষে সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পাঁজিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএএইচ/এফএফ/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24