ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে পুলিশের সব থানায় ইন্টারনেট সংযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন।
পুলিশের সহকারী উপ-পরিদর্শক ও উপ-পরিদর্শক পদ মর্যাদার কর্মকর্তাদের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী এবং পরিদর্শক পদ মর্যাদার কর্মকর্তাদের দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীতে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে পুলিশের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার সম্ভাব্য সব উদ্যোগ গ্রহণ করেছে।"
পুলিশের জনবল সঙ্কট নিরসনের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "পুলিশের জনবল চাহিদার প্রতি লক্ষ রেখে ৩২ হাজার নতুন পদ সৃষ্টি করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। মহিলা পুলিশের সংখ্যাও বৃদ্ধি করা হচ্ছে। ট্যুরিস্ট পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠন প্রক্রিয়াধীন রয়েছে।"
যে সব পুলিশ রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হয়েছে তাদের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন শেখ হাসিনা।
আইন-শৃঙ্খলা রক্ষা, জঙ্গি, চরমপন্থী দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এছাড়া দায়িত্ব পালনের সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের দায়িত্ব নেওয়ার আশ্বাসও দেনি তিনি।
পুলিশের গাড়ি সঙ্কট নিরসনের উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "৪৮৭ কোটি টাকার বিশেষ একটি প্রকল্পের মাধ্যমে দেশের ৫৯৯টি থানায় দুটি করে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল দেওয়া হবে।"
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদসহ পুলিশ-র্যাব ও সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বার্ষিক পুলিশ প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
সেবা ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী।
২০০৯ সালে আইন-শৃঙ্খলা রক্ষা, জঙ্গি চরমপন্থী দমন, মাদক উদ্ধার ও ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদকে (সেবা) ভূষিত হন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক ও র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরএ/এমআই/১৪২০ ঘ.
bdnews24