ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের ১৪ চিনি ব্যবসায়ীকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।
এ জন্য তাদের সময় দেওয়া হয়েছে চার সপ্তাহ। এ সময়ের মধ্যে ওই ব্যবসায়ীদের গ্রেপ্তার কিংবা হয়রানি না করতে সরকারকে বলা হয়েছে।
প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চ মঙ্গলবার ব্যবসায়ীদের বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেয়।
এ ব্যবসায়ীদের বিরুদ্ধে অবৈধভাবে চিনি মজুদের অভিযোগে মামলা রয়েছে।
ব্যবসায়ীরা হলেন- হাফিজুর রহমান, সফিয়ার রহমান, রফিকুল ইসলাম, মধুসূদন সাহা, অলক কুমার কুণ্ডু, সিরাজুল ইসলাম, সারোয়ার হোসেন, আব্দুল ওয়াহাব, আনিসুর রহমান ওরফে বড় আনিস, আনিসুর রহমান ওরফে ছোট আনিস, আব্দুল ওদুদ, রাজু আহমেদ, মো. আমিন ও চিত্তরঞ্জন কুন্ডু।
এদের বিরুদ্ধে যশোরের অভয়নগর থানার ওসি হুমায়ুন কবির গত ১ অক্টোবর দুটি মামলা করেন।
একটি মামলায় ৩ হাজার ৯১০ বস্তা এবং অপর মামলায় ৬৭ হাজার ১০০ বস্তা চিনি অবৈধভাবে মজুদ রাখার অভিযোগ আনা হয়।
গত ৬ অক্টোবর ১৪ ব্যবসায়ীকে অন্তর্র্বতীকালিন জামিন দেয় হাইকোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24