ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ১০ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন।
সে দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই সোমবার এ তথ্য জানিয়ে বলেছে, গ্রেপ্তারকৃতদের প্রায় সবাই অবৈধ পথে ভারতে পাড়ি দিয়েছিলো।
নারোদা, ইশানপুর ও চান্দোলা এলাকা থেকে ওই ১০ জনকে সোমবার গ্রেপ্তার করা হয় বলে আহমেদাবাদ পুলিশ জানায়।
পাঁচজনকে গ্রেপ্তার করা হয় নারোদা থেকে। তারা হলেন- টুকু শেখ (৬২), তার স্ত্রী মঞ্জিলা (৪৫), তাদের মেয়ে রিশিনা (২০) এবং ছেলে চান্দু (১৬) ও রাহুল (৪)।
পুলিশ জানায়, এ পরিবারটি ২ হাজার রুপি ঘুষ দিয়ে সীমান্ত অতিক্রম করে।
ইশানপুর থেকে গ্রেপ্তার হন- জহিরুল শেখ (২৪), তার স্ত্রী রানি (২০) এবং হোসেন গাজি (২২) নামে অপর এক ব্যক্তি।
রনজু খাতুন (২২) নামে এক নারী গ্রেপ্তার হন একই এলাকায়। পুলিশ জানায়, তাকে ২০০৭ সালে একবার গ্রেপ্তারের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিলো। কিন্তু তিনি আবার ভারতে পাড়ি জমান।
চান্দোলা এলাকা থেকে গ্রেপ্তার হন বাবলী হোলি (৩৫)। বৈধ পথে ভারত গেলেও ভিসার মেয়াদ শেষের পর তিনি সে দেশে অবস্থান করছিলেন বলে আহমেদাবাদ পুলিশ জানায়।
পাকিস্তান সীমান্ত সংলগ্ন পশ্চিম ভারতের গুজরাট রাজ্যের সবচেয়ে বড় শহর আহমেদাবাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১২০০ ঘ.
bdnews24