২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতে জনজীবন বিপর্যস্ত, নয়জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে আছেন দরিদ্ররা। তারা কাজে যেতে পারছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 04:03 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতবস্ত্রের অভাবে চরম দুর্ভোগে আছেন দরিদ্ররা। তারা কাজে যেতে পারছেন না। শীতজনিত রোগ নিয়ে প্রতিদিন হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে লোকজন। নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও ও ফরিদপুরে এ ধরণের রোগে নয়জনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসক ও স্থানীয়রা জানান। এর মধ্যে নীলফামারীতে দুজন, কুড়িগ্রামে দুজন, ঠাকুরগাঁওয়ে তিনজন ও ফরিদপুরে দুজন মারা গেছেন। ঘন কুয়াশার কারণে কয়েকদিন সূর্যের মুখ দেখা যায়নি। নিতান্ত কাজ না থাকলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যার পরপরই লোকজন ঘরে ফিরছে। সন্ধ্যায় দোকানপাট বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ীরা। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- নীলফামারী: গত চার দিন জেলায় সূর্যের মুখ দেখা যায়নি। মানুষ সহজে ঘর থেকে বের হচ্ছে না। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুল মজিদ বলেন, রোববার রাতে শীতজনিত রোগে দু'জনের মৃত্যু হয়েছে। সৈয়দপুর হাসপাতাল এবং চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগে অন্তত ১৫০ জন ভর্তি রয়েছে বলে তিনি জানান। সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া অফিসের স্টেশন ম্যানেজার সহিদুল ইসলাম চৌধুরী বলেন, খালে-বিলে এখনও পানি থাকায় কুয়াশার ঘনত্ব বেশি। সোমবার সকাল ৯টায় নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। মধ্যরাতের পর তাপমাত্রা আরো কমতে পারে বলে তিনি জানান। নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুল ইসলাম বলেন, রোববার রাতে রামনগর ঘাটপাড়া এলাকায় বৃদ্ধ আব্দুল গফুর শীতজনিত শ্বাসকষ্টে মারা গেছেন। ডিমলা উপজেলা টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম শাহিন বলেন, চরখড়িবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে ময়নাল হোসেন (১২) শীতজনিত রোগে রোববার রাতে মারা গেছে। ঠাকুরগাঁও: স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি কমে গেছে। গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান। এরা হলেন- পীরগঞ্জ উপজেলার ভিমটিয়া গ্রামের মাজেদুর রহমান (৫৪), সদর উপজেলার জগন্নাথপুরের আব্দুল খালেক (৭২) ও বালিয়া গ্রামের সবুরা বেগম (৭০)। পীরগঞ্জ উপজেলার ভিমটিয়া গ্রামের আখতার হোসেন রাজা বলেন, বর্গাচাষী মাজেদুর রহমান (৫৪) গত তিনদিন ধরে মানুষের ঘরে ঘরে গিয়ে একটি কম্বল চেয়েছেন। রোববার তার কাছে একটি কম্বল চেয়েছিলেন। কিন্তু কম্বল দেওয়ার আগেই তার মৃত্যু হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল মান্নান বলেন, রোবিবার প্রশাসনের লোকজন জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেছে। শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী বলেন, শীতের জন্য রোববার এই বিদ্যালয়ে ৫০ ভাগ ছাত্রই অনুপস্থিত ছিল। সিএম আইয়ুব বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা চৌধুরী বলেন, সোমবার তার স্কুলে ৩০ শতাংশ ছাত্রী আসেনি। কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. কে কে পাল বলেন, গত দু'দিনে শীতজনিত রোগে হাসপাতালে দু'জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- উলিপুর উপজেলার বাগুয়া গ্রামের নিবারণ (৮০) ও সদরের কাঠালবাড়ী এলাকার মেছের (৫০)। এ ছাড়া নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ১৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলেও তিনি জানান। টিডিএইচ ফাউন্ডেশন পরিচালিত কুড়িগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়কারী প্রণব কুমার রায় বলেন, গত দুই দিনে শীতজনিত পাতলা পায়খানা, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত ৩০৯ জন চিকিৎসা নেয়। এর মধ্যে ১৪২ জন ছিল শিশু। চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল করিম মিয়া বলেন, তার ইউনিয়নে এখনো কোনো শীতবস্ত্রের বরাদ্দ আসেনি। জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান বলেন, সোমবার চরাঞ্চলের পাঁচ শ' চাদর বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র সংগ্রহও বিতরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও তিনি জানান। ফরিদপুর: ফরিদপুরে তীব্র শৈত্য প্রবাহে দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় জন প্রতিনিধিরা জানান। ফরিদপুরের আঞ্চলিক আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুরুজুল আমীন বলেন, সোমবার ফরিদপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। ভাঙ্গা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জগদীশ চন্দ্র মালো বলেন, পৌর এলাকার পূর্ব হাসামদিয়ার কৃষক আব্দুর রশীদ (৬০) রোববার দুপুরে জমিতে কাজ করার সময় প্রচণ্ড ঠাণ্ডায় মারা যান। চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, জঙ্গি গ্রামের রামকিশোরী সরকার (৬০) তীব্র শীতে আক্রান্ত হয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তিনি সোমবার সকালে মারা যান। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমেদ বলেন, এই দু'জনের অনেক বয়স হয়েছিল। তারা অসুস্থও ছিলেন। শুধু শীতের কারণে মারা গেছেন কথাটি সর্বাংশে সত্যি নয়। তিনি বলেন, নয়টি উপজেলায় ইতোমধ্যেই দু'হাজার কম্বল বিতরণ করা হয়েছে। প্রয়োজনে আরো দেওয়া হবে। চাঁদপুর: ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে মেঘনা, ডাকাতিয়া ও ধনাগোদা নদীতে জেলেরা মাছ শিকারে যেতে পারছে না। এ কারণে জেলার ২৩ হাজার জেলে পরিবার দুর্ভোগে পড়েছে। চাঁদপুর শহরের পালবাজার ও বিপণীবাগ এলাকার মাছ ব্যবসায়ীরা জানান, জেলেরা নদীতে যেতে না পারায় বাজারে মাছ সংকট দেখা দিয়েছে। এখন পুকুরের মাছ বিক্রি করতে হচ্ছে। সোমবার সকালে পালবাজার থেকে মাছ না কিনেই ফিরে গেছেন লিটন ভূঁইয়া নামের এক ক্রেতা। চাঁদপুর শহরের পুরানবাজারের হরিসভা এলাকার জেলে আবু বকর বলেন, "গত ৩/৪ দিন ধরেই আমরা কুয়াশা ও তীব্র শীতের কারণে নদীতে যাইতে পারি নাই। দিন দিন দেখতাছি অবস্থা খারাপ অইতাছে। বেকার থাইক্যা অভাব-অনটনে জীবন কাটতাছে আমাগো।" গোপালগঞ্জ: প্রচণ্ড শীতে জনজীবন অচল হয়ে পড়েছে। সকাল থেকে সূর্য দেখা যায়নি। কনকনে হিমেল হওয়ার কারণে সকালে মানুষ বাইরে বের হতে পারেনি। বিল ও চর এলাকায় অধিকাংশ দিনমজুর ও কৃষক কাজে বের হতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.