২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাস চাপায় ২ নারী শ্রমিক নিহত

মহানগরীতে সোমবার বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 01:39 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহানগরীতে সোমবার বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। তারা সবাই নগরীর মাল্টিপ্লাস গার্মেন্টস লিমিটেডের শ্রমিক। পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে সাতটার দিকে ওই গার্মেন্টসের বেশ কিছু নারী শ্রমিক কর্মস্থলে যেতে আগ্রাবাদ চৌমুহনিতে কারখানার বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় আরো কিছু শ্রমিককে বহনকারী বাসটি দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে। চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কামাল হোসাইন জানান, এ ঘটনায় আহতদের চমেক হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে দুই নারী শ্রমিক মারা যান। নিহতরা হলেন- আলেয়া বেগম (৪০) ও রীনা আক্তার (৩০)। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন- সুরমা আক্তার (২৫), রুমা আক্তার (২৮), রোজী আক্তার (২৫), ওয়াহিদা আক্তার (২৫), চম্পা বেগম (২৮), চম্পা আক্তার (১৮), মায়া বেগম (২৫), পারুল আক্তার (৩০), মোছাম্মৎ নাজমা (২০), হাবিবা (২২), কুলসুম আক্তার (১৮) ও মায়া আক্তার (২২) ও দেলোয়ার হোসেন (৩২)। ডবলমুরিং থানার ওসি মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২০৩১ঘ.