২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: তদন্তের সময় আরো ৭৬ দিন বেড়েছে

১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের সময় আরও ৭৬ দিন বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 09:23 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলার অধিকতর তদন্তের সময় আরও ৭৬ দিন বাড়ানো হয়েছে। এ নিয়ে ষষ্ঠ বার এ মামলার অধিকতর তদন্তের মেয়াদ বাড়ল। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পর সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ভবানী প্রসাদ সিংহ এ সময় বাড়ান। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান চৌধুরী তিন মাস সময় বাড়ানোর জন্য আবেদন রোববার জমা দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী রোববার তিন মাস সময় বাড়ানোর আবেদন করেন। বিচারক আগামী ২২ মার্চ পর্যন্ত তদন্তের সময় বাড়িয়েছেন।" একই আদালত গত বছরের ৫ অক্টোবর তিনমাসের জন্য সময় বৃদ্ধি করেছিলো। তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অস্ত্র খালাসকালে কাস্টমসের চোরাচালান বিরোধী শাখার কর্মকর্তাদের ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহে তেমন অগ্রগতি না হওয়ায় এ মামলার তদন্তে আরও সময় প্রয়োজন।" তৎকালীন মহানগর পিপি আহসানুল হক হেনা ২০০৮ সালের ১২ ফেব্র"য়ারি এ মামলার অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদন জানান। এরপর আদালত নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগের আদেশ দিলে সিআইডির সহকারী পুলিশ সুপার ইসমাঈল হোসেনকে তদন্ত কর্মকর্তা (আইও) নিযুক্ত করা হয়। কিন্তু তিনি দুই দফা সময় নিয়েও মামলার কোন অগ্রগতি হয়নি। রাষ্ট্রপক্ষ ২০০৯ সালের ১৮ জানুয়ারি আদালতে আইও পরিবর্তনের আবেদন জানায়। সিআইডি'র সিনিয়র এএসপি মনিরুজ্জামান চৌধুরীকে মামলার আইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ইতিমধ্যে তিনি বিভিন্ন মেয়াদে তিনদফায় অধিকতর তদন্তের জন্য সময় নিয়েছেন। বর্তমান আইও মনিরুজ্জামান দায়িত্ব নেওয়ার পর তিনি অস্ত্র খালাস এবং জেটি ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট সিইউএফএল কর্মকর্তা, কোস্টগার্ড, ট্রাক মালিক, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। কর্ণফুলী নদী তীরবর্তী চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার (সিউএফএল) ঘাটে ২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে ট্রলার থেকে খালাসকালে পুলিশ ১০ ট্রাক অস্ত্র আটক করে। পরদিন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে আলাদা দুটি মামলা করেন। পরবর্তী সময় সিআইডি তদন্ত শেষে অস্ত্র মামলায় ৪৩ ও চোরাচালান মামলায় ৪৪ জনকে আসামি করে আলাদা দুটি অভিযোগপত্র দাখিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/জিএনএ/১৫১৯ঘ.