ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামকে সংবর্ধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
রোববার আপিল বিভাগের এক নম্বর আদালত কক্ষে ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে আইনজীবীরা দুইবার প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন।
প্রধান বিচারপতি আইনজীবীদের সংবর্ধনার জবাবে বলেন, জনগণের আস্থাই বিচার বিভাগের শক্তি। আদালতের বাইরেও জনগণ আমাদের পর্যবেক্ষণ করে।
তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা একে অপরের সঙ্গে উতপ্রোতভাবে জড়িত।
বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীকে একযোগে কাজ করার আহবান জানান প্রধান বিচারপতি।
আপিল বিভাগের এক নম্বর আদালত কক্ষে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম মেজবাহউদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এরপর সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সমিতি প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামকে সংবর্ধনা দেয়।
সমিতির সভাপতি এ এফ এম মেজবাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সমিতির সম্পাদক শ ম রেজাউল করিম, সাবেক সম্পাদক এম আমিনউদ্দিন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩৪০ঘ.
bdnews24