ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে 'অর্পিত' সম্পত্তি প্রত্যর্পণসহ দু'টি নতুন বিল উত্থাপিত হবে। সোমবার থেকে শীতকালীন এ অধিবেশন শুরু হচ্ছে।
এছাড়া আইনমন্ত্রী 'কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সংশোধন) বিল ২০১০' উত্থাপন করবেন। এর মাধ্যমে 'মানহানিকর' কোনো কিছু লেখার জন্য সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সরকারি ক্ষমতা খর্ব করা হবে।
বিলে কোড অব ক্রিমিনাল প্রসিডিউর-১৮৯৮ এর ৫০০ ধারায় 'পরোয়ানা' শব্দের স্থলে 'তলব' শব্দ বসানো হয়েছে।
বিলটির বিবৃতিতে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, এর মাধ্যমে অন্যের বিবেচনায় 'মানহানিকর' কোনো কিছু লেখার জন্য সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে।
এ দুটি বিল সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। বিলের কপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর হাতে এসেছে।
২০০১ সালের ১১ এপ্রিল তৎকালীন আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১ পাস করে। এ আইন সংশোধন করে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল ২০১০ সংসদে আনা হচ্ছে।
নতুন বিল অনুযায়ী, সরকার অর্পিত সম্পত্তির একটি তালিকা প্রকাশ করবে। এই তালিকা সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে অর্পিত সম্পত্তির চূড়ান্ত তালিকা করা হবে এবং তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24