২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ অধিবেশনেই বীমা আইন পাস: মুহিত

জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনেই বীমা সংক্রান্ত আইন দুটি পাস হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 05:21 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনেই বীমা সংক্রান্ত আইন দুটি পাস হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, "সোমবার থেকে সংসদের যে অধিবশন শুরু হচ্ছে সেই অধিবেশনেই বীমা সংক্রান্ত আইন দুটি পাস করা হবে।" গত বছরের ৩০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বীমা আইন, ২০০৯ এবং বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০০৯ কে অনুমোদন দেওয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে পাস হওয়া আইন দু'টির নাম ছিল বীমা অধ্যাদেশ, ২০০৮ এবং বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০০৮। আওয়ামী লীগ সরকার সরকার গঠনের পর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে পাস হওয়া যেসব আইন অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল এর মধ্যে মধ্যে এ দুটি আইনও ছিল। বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) চেয়ারম্যান একেএম রফিকুল ইসলাম অর্থমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, এ অধিবেশনে আইন দুটি পাস হবে বলে মন্ত্রী তাদের বলেছেন। আইন দুটি পাস হলে দেশের বীমা খাত আরও বিকাশ লাভ করবে বলেও অভিমত দেন তিনি। বীমা আইনে জীবন বীমা কোম্পানির জন্য পরিশোধিত মূলধন বর্তমানের সাড়ে সাত কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০ কোটি টাকা এবং সাধারণ বীমা কোম্পানির জন্য ১৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০ কোটি টাকা করা হয়েছে। এছাড়া জীবন বীমার ক্ষেত্রে সংবিধিবদ্ধ জমা বর্তমানের ৪৫ লাখ টাকার পরিবর্তে এক কোটি ৫০ লাখ টাকা এবং সাধারণ বীমার ক্ষেত্রে এ জমা ৯০ লাখ টাকার পরিবর্তে দুই কোটি ৫০ লাখ টাকা করা হয়েছে। নতুন আইনের অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে- এতে 'গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ তহবিল' নামে একটি তহবিল গঠনের বিধান রাখা হয়েছে। বীমা খাতে বিনিয়োগ বাড়াতে বীমা কোম্পানিগুলো সাবসিডিয়ারি (সহযোগী) কোম্পানি এবং ব্রোকারেজ হাউজও গঠন করতে পারবে। এছাড়া নতুন বীমা আইনে একেক বীমা কোম্পানিতে পরিচালক থাকবেন ১৫ জন করে। এর মধ্যে উদ্যোক্তাদের মধ্যে ৮ জন, জনগণের পক্ষে ৫ জন এবং স্বতন্ত্র পরিচালক থাকবেন দুইজন। জীবন বীমা গ্রহীতাদের পক্ষে পরিচালক থাকার বর্তমান বিধান বাতিল করা হয়েছে। এদিকে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইনে একজন চেয়ারম্যান ও চারজন সদস্য নিয়ে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইআরএ) গঠনের কথা বলা হয়েছে। এদের মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর এবং একবারই তারা পুনরায় নিয়োগ পেতে পারবেন। দেশের বীমা খাত আইআরএ'র মাধ্যমে পরিচালিত হবে। জাতীয় সংসদ থেকে পাস হয়ে এলে ১৯৩৮ সালের বীমা আইন এবং সেই আইনের অধীনে গঠিত বীমা অধিদপ্তর বিলুপ্ত হয়ে যাবে। গত বাজেট অধিবেশনেই আইন দুটি পাস হওয়ার কথা ছিল। সে খবরে পুঁজিবাজারে বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেশ বেড়ে যায়। তবে শেষ পর্যন্ত বাজেট অধিবেশনে আইন দুটি পাস হয়নি। সোমবার (৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া অধিবেশনে আইন দুটি পাস হবে- এ খবরে গত কয়েকদিন বীমা কোম্পানিগুলোর শেয়ারের দাম আবারো বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকক/এআরএইচ/এএল/এইচএ/২৩১৩ ঘ.