২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেআরসির বৈঠক সোমবার ঢাকায় শুরু

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠক সোমবার রাজধানীতে শুরু হচ্ছে। এতে তিস্তার পানি বন্টনসহ পানি সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 03:02 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) সচিব পর্যায়ের বৈঠক সোমবার রাজধানীতে শুরু হচ্ছে। এতে তিস্তার পানি বন্টনসহ পানি সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ৩ দিনব্যাপী এ বৈঠকে অংশ নিতে ভারতের পানি সম্পদ সচিব ইউ এন পানজিয়ার এবং ভারতীয় প্রতিনিধি দলের ৬ সদস্য সন্ধ্যা ৭টার দিকে ঢাকা এসে পৌঁছেছেন। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পানি সম্পদ সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রোববার বলেন, "ভারতীয় কর্তৃপক্ষ সচিব পর্যায়ের বৈঠকে তিস্তার পানি বন্টন নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে। সচিব পর্যায়ের এ বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা হবে।" বৈঠকে চারটি বিষয় নিয়ে মূলত আলোচনা হবে। যার মধ্যে রয়েছে অভিন্ন ইছামতি নদী খনন, ফেনী নদী থেকে ভারতীয় জনগণের জন্য সেচ এবং পানি সরবরাহ, অভিন্ন নদীর তীর রক্ষা এবং তিস্তার পানি বণ্টনের খসড়া তৈরি। অভিন্ন তিস্তার পানি বণ্ট নিয়ে একটি চুক্তি স্বাক্ষরের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারতকে অনুরোধ করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০৪৭ ঘ.