২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ ইস্যুতে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষায় সরকার কোনো রকম আপস করবে না ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে আইন না মানলে আর কোনো হাউজিং প্রকল্প অনুমোদন দেওয়া হবেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 02:26 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ রক্ষায় সরকার কোনো রকম আপস করবে না ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন থেকে আইন না মানলে আর কোনো হাউজিং প্রকল্প অনুমোদন দেওয়া হবেনা। রোববার 'আন্তর্জাতিক বাংলাদেশ পরিবেশ সম্মেলন-২০১০'এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। শেখ হাসিনা বলেন, "ভূমিখেকোদের হাত থেকে ঢাকার জমি, জলাধার, নদী রক্ষা করতে হবে। আর এক্ষেত্রে সরকার কোনো আপস করবে না। "জলাধার ছাড়া প্লান পাস করা হবে না। যদিও এজন্য আমাদের মন্ত্রী মহোদয়কে অনেক হুমকি-ধামকি খেতে হচ্ছে। কেউ কেউ গিয়ে থ্রেট করে আসছে। অনেকেই নানারকমের প্রলোভন দেখাচ্ছে। যাদের টাকা আছে তারা মনে করে টাকা দিয়ে বিশ্ব কেনা যায়। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, সে সিদ্ধান্ত আমরা কার্যকর করবোই।" এসময় তিনি বেঁধে দেওয়া নিয়মের বাইরে কোনো হাউজিং প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলে ঘোষণা দেন। এছাড়া চাষযোগ্য জমি রক্ষা করে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান হাসিনা। ওসমানী মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বিইএন) আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঢাকার চারদিকে চারটি উপশহর প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান। এছাড়া ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর নাব্যতা ফিরিয়ে আনার সংকল্পের কথা ব্যক্ত করেন। রাজধানীর কমিউটার সার্ভিস বৃদ্ধি করার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "... এতে ঢাকার আশপাশের অফিস সেরে মানুষ বাড়ি ফিরে যেতে পারবে। ট্রেন এবং জলপথের উন্নয়নেরও পরিকল্পনা নেওয়া হয়েছে।" উপকূলীয় অঞ্চলে উঁচু বাঁধ নির্মাণ করে জোয়ারের পানি প্রবেশ বন্ধ করতে সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, "সবুজ বেষ্টনীর মাধ্যমে জোয়ারের পানি ঠেকানোর কার্যক্রমও হাতে নেওয়া হয়েছে। এজন্য সরকার প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে উপকূলীয় বনায়ন কমিউনিটি ভিত্তিক কার্যক্রম গ্রহণ করেছে।" এসময় তিনি জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং এ সংক্রান্ত তহবিল গঠনসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। পরিবেশ রক্ষায় প্রত্যেকটি শিল্প-কারখানাকে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন বাধ্যতামূলক করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এজন্য সরকারের পাশাপাশি তিনি পরিবেশবাদী সংগঠনগুলোকেও কার্যকর পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। বাপা'র চেয়ারম্যান প্রফেসর মোজাফফর আহমেদের সভাপতিত্বে সম্মেলনে আরো ভাষণ দেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাপা'র সহ-সভাপতি ড. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও বিইএন'র মহাসচিব এম এ মতিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এইচএ/২০২০ ঘ.