২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেনেড মামলার তদন্তে আরো সময় চেয়েছে সিআইডি

শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা তদন্তে আরো চার মাস সময় চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 12:29 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা তদন্তে আরো চার মাস সময় চেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ রোববার ঢাকার মহানগর জজ আদালতে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদন করেন। তিনি ওই ঘটনায় বিস্ফোরক ও হত্যা মামলা দুটিরই অধিকতর তদন্ত করছেন। রোববার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিনে তিনি আরো সময় চান। ঢাকা মহানগর দায়রা জজ এ এন এম বশিরউল্লাহর আদালতে বিস্ফোরক মামলা এবং ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগমের আদালতে হত্যা মামলাটি বিচারধীন। এ এন বশিরউল্লাহ সময়ের আবেদনের শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছেন। অপর আদালত আগামী ৪ ফেব্র"য়ারি শুনানির দিন ধার্য করেছে। দুটি মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্য গ্রহণের পর গত বছরের ৩ আগস্ট দুই মাসের মধ্যে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন। পরে মামলা দুটির আদালত বদল হয়ে তা মহানগর জজ আদালতে চলে আসে। গত ১৪ অক্টোবর আদালত অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় বাড়ায়। আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট তারিখে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় তদন্ত কর্তৃপক্ষ সিআইডি অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালতে সময় চেয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৩ জন নিহত হয়। দলের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাই যে এ হামলার উদ্দেশ্য ছিল, তা পরবর্তী সময়ে জঙ্গিদের স্বীকারোক্তিতে স্পষ্ট হয়েছে। এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিণ্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। ওই ঘটনায় মতিঝিল থানায় উপ-পরিদর্শক শরীফ ফারুক আহমেদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা পরিবর্তনসহ দীর্ঘসূত্রতার পর গত বছরের ১১ জুন সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবির হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি অভিযোগপত্র দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/এমআই/১৬৩০ ঘ.