কক্সবাজার, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুপ্রবেশের সময় টেকনাফে আটক মিয়ানমারের সেনা সদস্য ও চার শ্রমিককে ফেরত দিয়েছে বিডিআর।
রোববার দুপুরে বিডিআর ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার মধ্যে পতাকা বৈঠক শেষে এদের ফেরত দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন টেকনাফ ৪২ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাহীনুর রহমান।
এরা হলেন- সেনা সদস্য থুন থুন (৩০), শ্রমিক নূর মোহাম্মদ (২৬), আবুল কালাম (২৫), সৈয়দ আলম (১৮) ও নূর ফয়েজ (২০)।
৪২ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোজাম্মেল হক জানান, সেনা সদস্য থুন থুন মিয়ানমারের সেনাবাহিনীর ৩ নম্বর সেক্টরে সার্জেন্ট পদে কর্মরত। চার শ্রমিক মিয়ানমারের রোহিঙ্গা মুসলমান এবং তারা সেদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন।
শনিবার বেলা ১১টার দিকে টেকনাফের জাদিমুরা থেকে তাদের আটক করে বিডিআর।
বিডিআর কর্মকর্তা মেজর শাহীনুর রহমান জানান, রোববার দুপুর ১২টায় টেকনাফের হাইওয়ে রেস্টহাউসে দুপক্ষের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্ব নির্ধারিত কোন আলোচ্য বিষয় ছিল না। আটক সেনা সদস্যকে ফিরিয়ে নিতে নাসাকার আহ্বানে এই বৈঠক হয়েছে।
তিনি জানান, নাসাকার সহকারী পরিচালক উ মুই থোয়াইনের নেতৃত্বে পাঁচজনের একটি দল বৈঠকে অংশ নেন। বিডিআর'র পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24