ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নতুন কমিটি নিয়ে আওয়ামী লীগের বক্তব্য অশোভন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, "একটি রাজনৈতিক দলের কমিটি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য শোভনীয় নয়। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।"
বিএনপির কমিটি নিয়ে অসন্তোষের খবর বিভিন্ন সংবাদপত্র প্রকাশ হলেও ফখরুল দাবি করছেন, কমিটি দলীয় নেতা-কর্মীদের কাছে গ্রহণযোগ্য হয়েছে।
গত ৮ ডিসেম্বর কাউন্সিলের পর শুক্রবার বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পরদিন বলেন, "এ কমিটি ঘোষণার পর মানুষ আতঙ্কিত।"
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার আগে ফখরুল সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মতো একজন বিজ্ঞ রাজনৈতিক নেতার মুখ থেকে এরকম বক্তব্যে আশাহত হয়েছি।"
বিএনপির কমিটি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্যও আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
ফখরুল বলেন, "কাউন্সিল অধিবেশন কাউন্সিলাররা চেয়ারপারসন খালেদা জিয়াকে কমিটি গঠনের দায়িত্ব দিয়েছে। তিনি (খালেদা জিয়া) সবার সঙ্গে আলোচনা করে নবীন-প্রবীণের সমন্বয় ঘটিয়ে কমিটি গঠন করেছেন। এ কমিটি সফল কী ব্যর্থ- তা জনগণ বিচার করবে।"
কমিটিতে অভিযুক্তদের স্থান পাওয়ার বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, "যে কারো বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। এর মানে এই নয় যে তিনি দোষী। ওয়ান-ইলেভেনের পর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৬১০ ঘ.
bdnews24