ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনের এবং রেলপথকে দ্বিমুখী করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) নতুন কমিটির সঙ্গে মত বিনিময়ের সময় তিনি একথা জানান।
ফারুক খান বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার জন্য ১৬০০ কোটি টাকা অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আগামী দুই বছরের মধ্যে এ কাজ শেষ হবে। পরবর্তীতে এটা ৬ লেন বিশিষ্ট মহাসড়ক করা হবে। এলিভেটেড হাইওয়ে করারও পরিকল্পনা রয়েছে আমাদের।"
তিন বছরের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথকে দ্বিমুখী করা হবে বলে বাণিজ্যমন্ত্রী জানান।
ডিসিসিআই প্রতিনিধিরা বাণিজ্যের প্রসারে দেশের অবকাঠামো বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবি জানান।
ফারুক খান বলেন, "আমরা ব্যবসা-বাণিজ্য ও দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদ্যুত, জ্বালানির জোগান বাড়ানোসহ প্রয়োজনীয় সব ধরনের কাজের উদ্যোগ নিয়েছি।"
তিনি ব্যবসায়ীদের অতি মুনাফা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তদারকির জন্য ডিসিসিআইকে একটি সেল গঠনের পরামর্শ দেন।
ফারুক খান বলেন, "আপনারা অযাচিতভাবে মুনাফা করবেন না এবং দেশের মানুষ যাতে সহনীয় মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারে সে বিষয়ে উদ্যোগ নিন।"
তিনি বলেন, "আমরা ইচ্ছে করলেই ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু তা করতে চাই না। কারণ নিয়ন্ত্রণ করলে দুর্নীতি বাড়ে। এখন আপনারাই ঠিক করেন সরকার ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করবে কি না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24