২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ ও পাবনায় দুর্ঘটনা, নিহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শুক্রবার বাস চাপায় মা ও ছেলে এবং পাবনায় বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে এক নৌ বাহিনী সদস্যের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 06:02 PM

Updated : 24 Aug 2022, 05:59 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখানে শুক্রবার বাস চাপায় মা ও ছেলে এবং পাবনায় বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে এক নৌ বাহিনী সদস্যের মৃত্যু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-মাওয়া সড়কে সিরাজদিখানের নিমতলী এলাকায় সন্ধ্যা ৭টার দিকে বাস চাপায় অজ্ঞাতনামা দুই পথচারীর মৃত্যু হয়েছে। এদের একজন মহিলা ও একজন শিশু। এরা মা ও ছেলে (৭) বলে ধারণা করা হচ্ছে। সিরাজদিখান থানার ওসি মতিউর রহমান বলেন, রাস্তা পারাপারের সময় মাওয়াগামী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। চাকায় পিষ্ট হওয়ায় মায়ের চেহারা চেনাই যাচ্ছে না বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি জানান, পাবনা-নগরবাড়ী সড়কে কাশীনাথপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস যাত্রী এক নৌ-বাহিনীর সদস্যের মৃত্যু হয়েছে। নিহত মো. ফজলুল করিমের (৩০) বিস্তারিত পরিচয় জানা যায়নি। সাঁথিয়া থানার ওসি ফারুক হোসেন বলেন, সন্ধ্যা ৬টায় হওয়া দুর্ঘটনায় নিহত নৌ-বাহিনীর সদস্যের পকেটে পাওয়া পরিচয়পত্র থেকে শুধু নাম ও আইডি নম্বর (বিডি নম্বর ৯৯০০৫৬ এবং আইডি কার্ড নম্বর ২৬৬৭৬) পাওয়া যায়। এ সময় আফের আলী নামের অপর এক যাত্রী আহত হন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.