ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে শুক্রবার এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ওই যুবক নিহত হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ শান্তপাড়া মসজিদের পূর্বপাশের রাস্তা থেকে মো. জুয়েল (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তার কপাল ও ডান গালে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
জুয়েল কালীগঞ্জ পশ্চিমপাড়া মঞ্জু মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। দু'ভাইয়ের মধ্যে সে সবার ছোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24