২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতিমুক্তভাবে কাজ না করলে আওয়ামী লীগের পরিণতি হবে বিএনপির মতো'

আওয়ামী লীগের কোন নেতা-কর্মী চাঁদাবাজি, মাস্তানি ও টেন্ডারবাজিতে জড়ালে কোন ভাবেই তা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন স্পিকার আব্দুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

কিশোরগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কোন নেতা-কর্মী চাঁদাবাজি, মাস্তানি ও টেন্ডারবাজিতে জড়ালে কোন ভাবেই তা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন স্পিকার আব্দুল হামিদ। বুধবার বিকেলে অষ্টগ্রামে এক সমাবেশে তিনি বলেন, "দুর্নীতিমুক্তভাবে কাজ করতে না পারলে আওয়ামী লীগের পরিণতি হবে বিএনপির মতো।" বিগত ২৯ শে ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৩০টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। নবম ওই জাতীয় নির্বাচনে বিএনপি পেয়েছিলো ২৯ টি আসন। অষ্টগ্রাম উপজেলা নাগরিক কমিটি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার আরও বলেন, "যদি আওয়ামী লীগের কোন নেতা-কর্মী চাঁদাবাজি, মাস্তানি ও টেন্ডার বাজিতে লিপ্ত হয়, তবে তা কোনভাবে সহ্য করা হবে না। "দলের লোক হলেও তাদের আইনের হাতে সোপর্দ করা হবে।" স্পিকার হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "এর পরিণতিতে আগামী নির্বাচনে আমি যদি পরাজিতও হই, তবু আমি অন্যায়ের কাছে নতি স্বীকার করবো না।" "আমি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছি। ৪০ বছর ধরে রাজনীতি করছি। আমৃত্যু জনগণের জন্য কাজ করে যাবো", বলেন তিনি। সকলকে ঐক্যবদ্ধভাবে দুর্নীতি মোকাবেলা করার আহবান জানিয়ে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "বিগত বিএনপি সরকার ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছিল। "তাদের এই ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।" তিনি এলাকার উন্নয়নের প্রতিশ্র"তি দিয়ে বলেন, "আমি রাষ্ট্রপতি ও স্পিকারকে নিয়ে অবহেলিত হাওড় এলাকার জন্য কাজ করে যাবো।" উপজেলা নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ আব্দুন নইমের সভাপতিত্বে স্থানীয় পাইলট স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন সাংসদ আফজাল হোসেন, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান জহিরুল হক নসিম, মিঠামইন উপজেলা চেয়ারম্যান কামরুল আহসান শাহাজান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/২২১৬ ঘ.