ঢাকা, ২৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমার দেশ পাবলিকেশন্সের চেয়ারম্যান ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
দৈনিক আমার দেশ-এর উপ-সম্পাদক সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, এদিন দুপুর দেড়টার দিকে উত্তরার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয়ে আসছিলেন মাহমুদুর রহমান।
এতে বলা হয়, পথে বিমানবন্দর সড়কে আর্মি স্টেডিয়ামের সামনে মটরসাইকেল আরোহী দুই যুবক তাকে বহনকারী গাড়িতে বোমার মতো দেখতে একটি বস্তু ছুড়ে মারে।
সেটি গাড়ির বনেটের ওপর লেগে ছিটকে পড়ে। এতে মাহমুদুর রহমান অক্ষত থাকলেও গাড়িটির সামান্য ক্ষতি হয়।
মটর সাইকেলটিতে কোনো নাম্বার প্লেট ছিলো না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ ব্যাপারে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসএইচ/২২০১ ঘ.
bdnews24