২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি বিল: প্রশাসক নিয়োগ ও হলফনামার বিধান বাদ দেওয়ার সুপারিশ

প্রস্তাবিত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিলের ওপর সুপারিশ চূড়ান্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নির্বাচিত ইউনিয়ন পরিষদের অনুপস্থিতিতে আমলাদের পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া ও প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ব্যক্তিগত তথ্য সম্বলিত হলফনামা দেওয়ার বিধান বিল থেকে বাদ দিয়েছে স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

কামরান রেজা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রস্তাবিত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিলের ওপর সুপারিশ চূড়ান্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। নির্বাচিত ইউনিয়ন পরিষদের অনুপস্থিতিতে আমলাদের পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া ও প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে ব্যক্তিগত তথ্য সম্বলিত হলফনামা দেওয়ার বিধান বিল থেকে বাদ দিয়েছে স্থায়ী কমিটি। এছাড়া প্রস্তাবিত বিলে এক বছরের বিল খেলাপিদের প্রার্থিতা বাতিল করার বিধানটিও বাতিল করা হয়েছে। অর্থাৎ বিলটি পাস হলে ভূমি উন্নয়ন কর, টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস, পানি বা অন্যান্য বিলখেলাপিরা ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। বুধবার স্থায়ী কমিটির সভায় এ সব সুপারিশ চূড়ান্ত করা হয়। তবে স্থায়ী কমিটি খসড়া বিলের ৩৪ ধারায় সরকারকে নির্বাচিত ইউনিয়ন পরিষদকে বরখাস্ত করবার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা পরিবর্তন করেনি। এ ধারায় বলা আছে,"সরকারের মতে চেয়ারম্যান অথবা সদস্য কর্তৃক ক্ষমতা প্রয়োগ পরিষদের স্বার্থের পরিপন্থী অথবা প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচিন না হলে সরকার লিখিত আদেশের মাধ্যমে চেয়ারম্যান বা সদস্যদেরকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে।" স্থায়ী কমিটির সভাপতি রহমত আলী সংসদের চলতি অধিবেশনেই বিলটির ওপর স্থায়ী কমিটির সুপারিশমালা সংসদে উপস্থাপন করবেন এবং বিলটি চলতি অধিবেশনই পাস হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১৩ সেপ্টেম্বর বিলটি সংসদে উপস্থাপন করেন এবং তা পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বুধবার স্থায়ী কমিটির সভা শেষে সভাপতি রহমত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সর্বসম্মতিক্রমে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের যে বিধান খসড়া বিলে ছিল তা বাতিল করার সুপারিশ করেছি।" প্রস্তাবিত বিলের ১৮ দফায় সরকারকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের অনুপস্থিতিতে সরকারি কর্মচারিদের প্রশাসক হিসাবে নিয়োগ করার ক্ষমতা দেওয়া হয়েছিল। রহমত আলী প্রশাসক নিয়োগের বিধানটির 'অপপ্রয়োগ' সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, "আমার নির্বাচনী এলাকার কিছু কিছু ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হয় এবং তারা আট বছর ধরে সেই পদে আসীন ছিলেন। এসময়ে কোনও নির্বাচন অনুষ্ঠান করা যায় নি।" বিধানটি বাদ দেওয়ার পক্ষে যু্িক্ত হিসাবে তিনি বলেন, "প্রস্তাবিত বিলে চেয়ারম্যানের অনুপস্থিতিতে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে তিন সদস্যের চেয়ারম্যান প্যানেল করার বিধান রয়েছে। সুতরাং প্যানেল চেয়ারম্যান থাকতে প্রশাসক নিয়োগের কোনও প্রয়োজন নেই।" 'বাস্তবসম্মত কারণেই' বিলখেলাপিদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার সুপারিশ করা হয়েছে বলে উল্লেখ করেছে কমিটি। এর আগে নির্বাচন কমিশন বিলখেলাপিদের এ স্থানীয় নির্বাচনে প্রার্থিতা করার সুযোগ দেওয়ার সুপারিশ করেছে সরকারের কাছে। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের ব্যক্তিগত আটটি তথ্য সম্বলিত হলফনামা দেওয়ার বিধান বাদ দেওয়া প্রসঙ্গে কমিটির সদস্য মনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, "ব্যক্তিগত হলফনামার বিধানটি রাখলে নির্বাচন কমিশনকে প্রায় আড়াইলাখ হলফনামা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। ইসি'র এত সংখ্যক জনবল নেই। তিনি বলেন, "হলফনামা প্রস্তুত করবার জন্যে প্রার্থীদেরকে নোটারি পাবলিকের কাছে যেতে হবে। নির্ধরিত সময়ের মধ্যে আড়াইলাখ নোটারি পাবলিক করার মতো প্রয়োজনীয় সংখ্যক আইনজীবীও নেই দেশে।" নির্বাচন কমিশন হলফনামা দেওয়ার বিধানটি বিল থেকে বাদ দেওয়ার জন্য সরকারকে সুপারিশ করেছে। প্রস্তাবিত বিলের ২০ ধারায় বলা হয়েছে, হলফনামা দাখিলে ব্যর্থতা, এতে অসত্য বা বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া বা প্রদত্ত তথ্যের সমর্থনে কাগজপত্র দাখিল না করলে মনোনয়নপত্র বাতিল হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএইচসি/এসকে/২১৪২