নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নৌপথের গুরুত্ব ফিরিয়ে আনতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
বুধবার সকালে বন্দর উপজেলার সোনাকান্দার ডেক ও ইঞ্জিন প্রশিক্ষণ কেন্দ্রে অভ্যন্তরীণ নৌযানের মাস্টার ও কর্মচারিদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, "নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। নাব্যতা রক্ষা হলে মৎস্য সম্পদ বাড়বে। নদীপথের গুরুত্ব ফিরিয়ে আনতে নদী খনন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। "
নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, "নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কোস্টাগার্ডকে আরও সক্রিয় করা হচ্ছে। নেওয়া হয়েছে আরও জলপুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা।"
বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মাসুদ এলাহী, শ্রমিক নেতা শুক্কুর মাহমুদ, আশিকুর আলম প্রমুখও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসএইচ/২১৩৫ ঘ.
bdnews24