নীলফামারী, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রেসক্লাবের জন্য প্রস্তাবিত সরকারি জমির দখল ঠেকাতে গিয়ে নীলফামারী শহরে হামলার শিকার হয়েছেন সাংবাদিক ও পুলিশ সদস্যরা। লাঞ্ছিত হয়েছেন এক নারী ম্যাজিস্ট্রেটও।
গত রোববার শুরু হওয়া এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের শাহীপাড়ায় প্রস্তাবিত প্রেসক্লাবের জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে। কথিত দখলদার চক্রের কেউ বুধবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, প্রশাসন যেভাবে চাইবে সেভাবে তৎপরতা চালানো হবে।
প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববি ও সাধারণ সম্পাদক রতন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৭৬ সাল থেকে কাজী নজরুল ইসলাম হলের (সাবেক বিডি হল) পাশের একটি অংশে সেমিপাকা একটি ঘর তুলে সেখানে প্রেসক্লাবের কার্যক্রম চলে আসছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় কয়েক বছর আগে বিডি হল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন।
তারা আরও জানান, পরিত্যক্ত বিডি হলের মোট ৬৭ শতাংশ জমির মধ্যে ২৫ শতাংশ বরাদ্দ চেয়ে গত ২৫ জানুয়ারি প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। এ অনুযায়ী জমি বরাদ্দের প্রক্রিয়া চলছে। কিন্তু জমিটি বিভিন্ন সময় বিভিন্নভাবে দখলের চেষ্টা করা হয়। শহরের শাহীপাড়ার মুকুল (৩৮), তাহের (৩৫), আনিস (৩৫), রব্বু (৩৪) 'চক্র' এ তৎপরতায় জড়িত বলে তারা অভিযোগ করেন।
সভাপতি ববি বলেন, "চিহ্নিত দখলদার চক্রটি গত রোববার রাতে প্রেসক্লাবের জন্য প্রস্তাবিত জায়গাটি দখল করে নেয়। পরদিন বিষয়টি লিখিতভাবে অবহিত করা হলে প্রশাসন সেখান থেকে দখল তুলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দখলকারীরা জমি ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে দফায় দফায় প্রেসক্লাবে হামলা চালায়।
"মঙ্গলবার বিকেলে সেখানে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে তারা ঘর তোলা শুরু করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম গিয়ে এতে বাধা দিলে তার সঙ্গে অশালীন আচরণ করা হয়।
প্রেসক্লাব সভাপতি বলেন, ইউএনও ফিরে যাওয়ার পর মহিলা ম্যাজিস্ট্রেট ফারজানা শারমিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে দখলদাররা তাকেও লাঞ্ছিত করে। তারা ম্যাজিস্ট্রেটের ওড়না কেড়ে নেয়। তাকে উদ্ধারে যাওয়া পুলিশের ওপরও হামলা চালানো হয়।
চক্রটি মসজিদ নির্মাণের ধোঁয়া তুলে প্রেসক্লাবের প্রস্তাবিত জমি দখল করে 'ক্ষান্ত হয়নি' মন্তব্য করে তিনি বলেন, "এখন তারা প্রেসক্লাবের সেমিপাকা ভবনটি দখলের পায়তারা করছে। নিরাপত্তাহীনতার কারণে সাংবাদিকরা প্রেসক্লাবে যেতে পারছে না।"
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'মুকুল-তাহের-আনিস চক্রর' বিরুদ্ধে সরকারি ও স্থানীয় মহিলা কলেজের কোটি কোটি টাকা দামের জমি অবৈধভাবে দখল করে একাধিক বাড়ি ও দোকানঘর নির্মাণের অভিযোগ আছে।
এ বিষয়ে ওসি নূরল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসন যেভাবে চাইবে, সেভাবে আমরা অ্যাকশনে যাবো।"
ইউএনও খোরশেদ আলম বলেন, "সব ঘটনা জেলা প্রশাসককে জানানো হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসকে/১৯০২ঘ.
bdnews24