ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে টানা চার ঘণ্টা ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধের পর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সন্ধ্যা সোয়া সাতটার দিকে পুলিশের এ অভিযানের পর রোকেয়া সরণীতে আবার যানবাহন চলাচল শুরু হয়।
বিকেল সোয়া তিনটার দিকে এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে পোশাক কর্মীদের বিক্ষোভ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তারা প্রথমে রোকেয়া সরণীর পূর্বপাশ ও পরে সন্ধ্যা ছয়টার দিকে উভয় পাশ দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সায়েদুল ইসলাম তালাত জানান, সড়ক দুর্ঘটনায় মারুফা আক্তার নামের এক শ্রমিকের মৃত্যুকে ঘিরে বুধবার দুপুর তিনটা থেকে আউটফিট ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার কর্মীরা রোকেয়া সরণীর পূর্ব পাশ অবরোধ করে রাখে। এসময় একই মালিকানাধীন আরো দুটি গামেন্টসের কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরুর পর বিকেল ছয়টার দিকে স্থানীয় দোকান মালিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে গেলে পুরো সড়ক বন্ধ হয়ে যায়।
সন্ধ্যা সোয়া সাতটার দিকে শ্রমিকরা দুইদিকে আটকাপড়া গাড়িগুলোতে হামলা চালালে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তারা কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়লে শ্রমিকরা বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরেই গাড়ি চলাচল শুরু হয়।
মিরপুর জোনের সহকারি পুলিশ কমিশনার আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ অনেক ধৈর্য ধরে ছিল। যখন গাড়ি ভাঙ্গা শুরু হয়, তখন আর পুলিশ বসে থাকতে পারেনি।"
মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ইলিয়াস শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর থেকেই মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলতে থাকে। মালিক পক্ষ তাদের জানিয়েছে, কর্মরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে বীমা হিসেবে তার পরিবারকে এক লাখ টাকা দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু মারুফা সড়ক দুর্ঘটনায় মারা গেছে। ফলে তাকে এই টাকা দেওয়ার নিয়ম নেই।
পুলিশ কর্মকর্তা জানান, তবে পুলিশের অনুরোধে মালিক পক্ষ এক লাখ টাকা দিতে রাজি হয়েছেন। তাছাড়া ঘটনার পর একটি মামলা হয়েছে। এই মামলার সূত্র ধরে গাড়ির মালিকের কাছ থেকেও ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলবে বলে জানান তিনি।
এর আগে পুলিশ জানায়, আউটফিট ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টসের শ্রমিক মারুফা আক্তার (২৫) মঙ্গলবার একটি বাসের ধাক্কায় আহত হয়। তাকে হাসপাতালে ভর্তির পর বুধবার তার মৃত্যু হয়।
তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল থানার মোয়াগাঁও গ্রামে।
আউটফিট ফ্যাশন লিমিটেড এর একজন পরিচালক মো. মোস্তাকুর রহমান সাংবাদিকদের বলেন, "মেয়েটি আহত হওয়ার পর আমরা তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। রক্ত দিয়েছি।
"এখন তার লাশ দাফন ও যাতায়াত ভাড়া দেওয়ার ব্যবস্থা করছি। তবে ক্ষতিপূরণের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।"
শ্রমিকরা বলছে, মারুফার লাশ না আনা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবে।
এদিকে মারফার লাশ নিয়ে তার স্বজনেরা গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছে।
মারুফার ভগ্নিপতি আবদুস সাত্তার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মারুফা মারা গেছে। লাশ যত তাড়াতাড়ি দাফন করা যায় ততই ভাল।"
এর আগে মারুফার একজন সহকর্মী অভিযোগ করেন, দাফন, লাশ গ্রামের বাড়ি নেওয়ার খরচ ও ক্ষতিপূরণ দাবি করলে গার্মেন্টস কর্তৃপক্ষ মারুফাকে তাদের শ্রমিক নয় দাবি করে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে।
আউটফিট ফ্যাশন লিমিটেটেড এর শ্রমিক নাসিম সাংবাদিকদের জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে।
মিরপুর জোনের সহকারি পুলিশ কমিশনার আকবর আলী সাংবাদিকদের বলেন, "আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টা মীমাংসা করার চেষ্টা করছি।"
তিনি জানান, মারুফাকে ধাক্কা দেওয়া শিকড় পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এসএইচ/জিএনএ/১৯৫৭ ঘ.
bdnews24