২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সশস্ত্র বাহিনীর 'বঞ্চিত' ১৩০ সদস্যের চাকরিতে পুনর্বহালের আবেদন

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বেআইনিভাবে চাকরিচ্যুত বা পদোন্নতি বঞ্চিত সশস্ত্র বাহিনীর প্রায় একশ' ৩০ জন সদস্য চাকরিতে পুনর্বহাল ও পদোন্নতির জন্য এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে আবেদন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বেআইনিভাবে চাকরিচ্যুত বা পদোন্নতি বঞ্চিত সশস্ত্র বাহিনীর প্রায় একশ' ৩০ জন সদস্য চাকরিতে পুনর্বহাল ও পদোন্নতির জন্য এ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির কাছে আবেদন করেছে। সশস্ত্র বাহিনীর এসব সদস্য প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কাছে তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির সভাপতি এম ইদ্রিস আলী সাংবাদিকদের বলেন, "আমরা সশস্ত্র বাহিনীর প্রায় ১৩০ জন সদস্যের কাছ থেকে চাকরিতে পুনর্বহাল বা প্রাপ্য পদোন্নতির আবেদন পেয়েছি।" কমিটির সভাপতি বলেন, "কমিটি এসব সদস্যের পুনর্বহালের অগ্রগতি সংক্রান্ত কাগজপত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে চেয়ে পাঠিয়েছে।" ইতিপূর্বে সংসদীয় কমিটি রাজনৈতিক কারণে বাধ্যতামূলক অবসরে পাঠানো বা পদোন্নতি বঞ্চিত সশস্ত্র বাহিনীর এসব সদস্যকে চাকরিতে পুনর্বহালের সুপারিশ করেছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সশস্ত্র বাহিনীর 'বঞ্চিত' এসব সদস্যদের যথাযথ তদন্তের পর পুনর্বহাল করা হবে বলে আশ্বাস দেন। ইদ্রিস আলী বলেন, "কেও যদি মনে করেন যে তিনি তার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তাহলে আমাদের কাছে আসতে পারেন। চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালের বিষয়টি সরকার বিবেচনা করবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩৩০ঘ.