২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিটিতে অপারেটর নিয়োগে অনিয়ম, দুদকের তদন্ত শুরু

চট্টগ্রাম বন্দরের 'চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে' (সিসিটি) কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা মঙ্গলবার থেকে চট্টগ্রাম বন্দর ভবনে কাজ শুরু করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 04:34 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের 'চট্টগ্রাম কন্টেইনার টার্মিনালে' (সিসিটি) কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য অপারেটর নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করেছে দুদক। অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা মঙ্গলবার থেকে চট্টগ্রাম বন্দর ভবনে কাজ শুরু করেন। দুদকের ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মো. ফানা ফিল্লাহর নেতৃত্বে তিন সদস্যের একটি দল এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বন্দরের ঊধ্বর্তন কর্মকর্তাদের বক্তব্য নেন। প্রথমে বন্দর চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ এবং পরে আরও ছয় কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়। তদন্ত দলের অন্য কর্মকর্তারা হলেন- ঢাকা কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদ হোসেন এবং চট্টগ্রাম কার্যালয়ের পরিদর্শক আবদুল আউয়াল। তদন্ত দলটি আরও দু'দিন চট্টগ্রামে থেকে বন্দর কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ ও সংশ্লিষ্ট নথিপত্র দেখবেন। দুদকের সহকারী পরিচালক ফানা ফিল্লাহ দুপুরে সাংবাদিকদের বলেন, "সিসিটি পরিচালনায় ঠিকাদার নিয়োগে অনিয়ম তদন্তের অংশ হিসেবে বন্দরের সিসিটি পরিদর্শন ছাড়াও কর্মকর্তাদের সঙ্গে কথা বলা শুরু করেছি। সেইসঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তার বক্তব্য এবং নথিপত্র যাচাই-বাছাই করা হবে।" তদন্ত কাজের অংশ হিসেবে আগামী দুই-একদিনের মধ্যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সাবেক নৌ-পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিনকে ডাকা হতে পারে বলেও জানান তিনি। বৃহস্পতিবার পর্যন্ত বন্দরের অন্যান্য কর্মকর্তার সঙ্গে কথা বলবেন জানিয়ে দুদক কর্মকর্তা বলেন, "প্রয়োজন হলে কর্মকর্তাদের ঢাকায় নোটিশের মাধ্যমে তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে।" দুদক কর্মকর্তারা মঙ্গলবার পর্যায়ক্রমে বন্দরের সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন জোবায়ের আহমদ, অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা সদস্য (অর্থ) হারুন মিয়া, পরিচালক (পরিবহন) আহসানুল কবীর, ব্যবস্থাপক (পরিবহন) মশিউর রহমান বেগ, উপ-ব্যবস্থাপক (টার্মিনাল) গোলাম সরওয়ার এবং সহকারী ব্যবস্থাপক (পরিবহন) ওমর ফারুকের বক্তব্য নেন। দুদক কর্মকর্তা ফানা ফিল্লাহ আরও জানান, পর্যায়ক্রমে সিসিটি'র প্রকল্প পরিচালক অরুণ কুমার ভট্টাচার্য্য, উপ-ব্যবস্থাপক (পরিবহন) মোয়াজ্জেম হোসেন এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুস সবুর মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিসিটিতে অপারেটর নিয়োগে অনিয়ম ছাড়াও সরকারের সিদ্ধান্ত ছাড়া সাবেক উপদেষ্টা মতিনের একক ক্ষমতাবলে বন্দরের পাইলটদের বয়স বাড়ানোর ক্ষেত্রে দুর্নীতি হয়েছিলো কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এ মতিনের বিরুদ্ধে সিসিটিতে পরিচালক নিয়োগে অনিয়মের অভিযোগ আনে। পরে এ কমিটি তাদের তদন্ত শেষে সাবেক ওই উপদেষ্টাসহ বন্দরের ঊধ্বর্তন কর্মকর্তাদের সংশ্লিষ্ট অনিয়মের জন্য অভিযুক্ত করে মন্ত্রণালয়কে মামলা দায়েরের সুপারিশ করে। পরে সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় বিষয়টি তদন্তের জন্য এ সংক্রান্ত নথিপত্র দুদকে পাঠায়। এরই ধারাবাহিকতায় দুদকের দলটি তদন্ত শুরু করেছে। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০০৬ সালের জুন মাসে সিসিটি পরিচালনার জন্য সাইফ পাওয়ার টেককে দুই বছরের জন্য নিয়োগ করা হয়। ওই মেয়াদ শেষ হলে ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহ্বান করা হয়। ২০০৮ সালের নভেম্বরে প্রথম দরপত্র বাতিল করার পর ডিসেম্বরে দ্বিতীয় বারের মতো দরপত্র আহ্বান করা হয়। এতে এছাক ব্রাদার্স প্রতি কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য সর্বনিু ৩৪০ টাকা দর দেয়। মন্ত্রণালয় সর্বনিম্ন দরটি গ্রহণ করে কার্যাদেশ দেওয়ার অনুমোদন দেয়। ২০০৯ সালের ২ ফেব্র"য়ারি বন্দর কর্তৃপক্ষ সিসিটি পরিচালনার জন্য এছাক ব্রাদার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এএনএস/এইচএ/২২০৫ ঘ.