সুনামগঞ্জ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন বলেছেন, বিচারাধীন মামলার জট কমাতে বিচারক এবং আইনজীবিরা বসে উপায় বের করতে হবে। তা না হলে সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলবে।
মঙ্গলবার দুপুর ৩টায় সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে আইনজীবিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান বিচারপতি একথা বলেন।
বিচারক সংকটের কথা জানিয়ে তিনি বলেন, "আট বছর ধরে বিচারক নিয়োগ না দেওয়ায় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা দূর করতে ইতোমধ্যে ৮০ জন যুগ্ম জেলা জজ নিয়োগ করা হয়েছে। অচিরেই এ পদে সংকট লাগব হবে।"
জেলা আইনজীবি সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মফচ্ছির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- আইনজীবি আবু আলী সাজ্জাদ হোসাইন, স্বপন কুমার দেব ও আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বাবলু।
মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার শওকত হোসেন, জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহানারা বেগম, মুখ্য বিচার বিভাগীয় হাকিম আমির উদ্দিন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭১০ ঘ.
bdnews24