সাতক্ষীরা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে সোমবার গভীর রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত থেকে নারী ও শিশুসহ ১৩ জনকে আটক করেছে বিডিআর।
আটককৃতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ভাঙ্গুর এলাকার বাদশা মিয়া (২৮); যশোরের ধর্মপুর গ্রামের শাবান আলী সরদার (৪০); রেজাউল ইসলাম (৩৫), তার স্ত্রী শাহিদা বেগম (২৮) ও ছেলে ইয়াসিন আলী (৭); রুহুল আমিন (২৮), তার স্ত্রী বাছিরুন নেছা (২২) ও ছেলে ফরিদুল ইসলাম (৩); সাতক্ষীরার কলারোয়া উপজেলার গোয়ালচত্বর এলাকার হাসিনা বেগম (৪২) ও নাসিমা খাতুন (২৫); একই উপজেলার কাঁকডাঙ্গা গ্রামের আফরোজা খাতুন (১৮); পাটকেলঘাটা থানাধীন ইফায়েতপুর গ্রামের সালমা বেগম (২৫) ও তার ছেলে সাগর (৩)।
বিডিআর ৪১ রাইফেলস ব্যাটালিয়নের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মাহবুবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দালালরা ভারতে লোক পাচার করছে- এমন খবর পেয়ে রাত দেড়টার দিকে কাঁকডাঙ্গা সীমান্ত ফাঁড়ির বিডিআর জওয়ানরা অভিযান চালায়। এ সময় বিডিআর এর উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, আটককৃতদের মঙ্গলবার সকালে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
কাঁকডাঙ্গা বিওপির কমান্ডার নায়েক সুবেদার লিয়াকত আলী বাদী হয়ে এ ব্যাপারে একটি মামলা করেছেন বলেও ডিএডি মাহবুবুর রশিদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৪৬ ঘ.
bdnews24