ফরিদপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের মধুখালী উপজেলায় মঙ্গলবার সকালে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী বাগাট এলাকার সালাল শেখ (৩৫), মধুখালী উপজেলার রামকান্তপুরের শামসু কাজীর ছেলে মারুফ (৩০) ও হালিম শেখের ছেলে জাহিদ শেখ (৩২)।
মধুখালী থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার এলাকায় মাগুরা থেকে ঢাকাগামী মেঘনা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সালাল মারা যান।
গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর দুই আরোহী মারুফ ও জাহিদকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে সেখানে তাদের মৃত্যু হয়।
এসআই আজিজুর জানান, দুর্ঘটনার পর পরই বিক্ষুদ্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুপাশে কয়েক শ' যানবাহন আটকা পড়ে।
পরে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মোস্তফা কামাল, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি সার্কেল) রাফিউল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা আগামী দুদিনের মধ্যে বাজার এলাকায় দুটি গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে জনতা দুপুর ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয়।
ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাস আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে বলে এসআই আজিজ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৩৪ ঘ.
bdnews24