ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমনওয়েল্থ ফাইন্যান্স মিনিস্টারস কনফারেন্স ও বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে ১২ দিনের সফরে সাইপ্রাস ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিশ্ব অর্থনীতির চলমান মন্দার প্রভাব থেকে বেরুনোর সহজ উপায় বের করতে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভনর্ররা গুরুত্বপূর্ণ এ দুটি সম্মেলনে মিলিত হচ্ছেন।
অর্থমন্ত্রী বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
সোমবার রাত সাড়ে নয়টা আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অর্থমন্ত্রীসহ অন্য প্রতিনিধিরা ঢাকা ছাড়েন।
সাইপ্রাসের দ্বিতীয় বৃহত্তম শহর লিমাসলে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর হবে কমনওয়েল্থ ফাইন্যান্স মিনিস্টারস কনফারেন্স।
চার দিনের এ সম্মেলনের পর তুরস্কের ইস্তামবুলে ৬ ও ৭ অক্টোবর হবে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সাধারণ সভা।
২০০৭ সালের শেষের দিক থেকে বিশ্বমন্দা দেখা দেওয়ার পর এ দু'টিই হবে এ বিষয়ে সবচেয়ে বড় সম্মেলন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব মোহাম্মদ তারেক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব (রাজনৈতিক) এ এস এম রাশেদ।
ঈদের আগে এ দুটি সম্মেলনের আলোচ্যসূচিসহ অন্যান্য বিষয় ব্যাখ্যা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "দুই সম্মেলনের প্রধান আলোচ্যসূচি হচ্ছে বিশ্ব অর্থনীতির চলমান মন্দা।
"কীভাবে দ্রুততর সময়ের মধ্যে এই মন্দা কাটিয়ে উঠা যায়, সে ব্যাপারে কৌশল নির্ধারণের বিষয়টি নিয়েও আলোচনা হবে।"
ভবিষ্যতে যাতে এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে না হয়- সে ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও দিক-নির্দেশনা দেওয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়া এ দুই সম্মেলনের ফাঁকে ফাঁকে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও বিশ্বব্যাংক ও আইএমএফের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের দ্বি-পাক্ষিক বৈঠক হবে।
এর মধ্য দিয়ে বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও জানান অর্থমন্ত্রী।
প্রতিবছর বিশ্বব্যাংক ও আইএমএফ বার্ষিক সভার মাধ্যমে তার সদস্যভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী, উন্নয়ন বিষয়কমন্ত্রী, বেসরকারি খাতের প্রতিনিধি, বিশেষজ্ঞদের একসঙ্গে নিয়ে বৈঠক করে।
ওই বৈঠকে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/২৩৫৫ ঘ.
bdnews24