২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীবাজারে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ঢুকে সন্ত্রাসীদের ফাঁকা গুলি

পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে রাজধানীর লক্ষ্মীবাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর বাসার ভেতরে ঢুকে সন্ত্রাসীরা ফাঁকা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। সংখ্যালঘু ওই পরিবারের সদস্যদের অভিযোগ, বিসর্জনের দিন সোমবার বিকেলে এ ঘটনার পর মামলা করলে পেট্রোল বোমা মেরে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার ছিলো বিজয়া দশমী। দুর্গাপূজার শেষ দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 04:49 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ লাখ টাকা চাঁদার দাবিতে রাজধানীর লক্ষ্মীবাজারে এক স্বর্ণ ব্যবসায়ীর বাসার ভেতরে ঢুকে সন্ত্রাসীরা ফাঁকা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। সংখ্যালঘু ওই পরিবারের সদস্যদের অভিযোগ, বিসর্জনের দিন সোমবার বিকেলে এ ঘটনার পর মামলা করলে পেট্রোল বোমা মেরে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা । সোমবার ছিলো বিজয়া দশমী। দুর্গাপূজার শেষ দিন। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মনির মোল্লা জানান, বিকেল ৫টার দিকে স্থানীয় সন্ত্রাসী আরমান, গোলাম আজম, ওয়াসির, কার্তিকসহ ১০/১২ জন কেজিগুপ্তা লেনের বাড়িটির দোতালায় স্বর্ণ ব্যবসায়ী মিঠুন ঘোষের বাসায় হামলা চালায়। সন্ত্রাসীরা বাড়ির ভেতরে ঢোকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পুলিশ ওই বাড়ি থেকে ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে। তিনি জানান, মিঠুন ঘোষের অভিযোগ, কয়েকদিন আগে ওই সন্ত্রাসীরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন। "তবে তিনি থানায় কোনও অভিযোগ করতে রাজি হননি। সন্ত্রাসীরা তাদের হুমকি দিচ্ছে বলে তিনি জানিয়েছেন।" বলেন মনির মোল্লা। তবে মিঠুন ঘোষের পরিবারের সদস্যরা জানিয়েছে, সন্ত্রাসীদের ভয়ে তারা থানায় মামলা পর্যন্ত করতে যাননি। সন্ত্রাসীরা ফ্ল্যাটে ঢোকে মিঠুন ঘোষকে মারপিট করে বলেও অভিযোগ করে তার বোন লক্ষ্মী ঘোষ বলেন, " অস্ত্রধারীরা আমার ভাইয়ের বাসায় ঢুকে টিভি ও ফ্রিজ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। "এতে ওই বাসার টিভি ভেঙে যায় ও ফ্রিজটি ক্ষতিগ্রস্থ হয়। তারা মিঠুন ঘোষের মানিব্যাগ থেকে তিন হাজার টাকা ও মায়ের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় এবং পিস্তলের বাট দিয়ে মিঠুনের পায়ে আঘাত করে।" থানায় অভিযোগ না করতে সন্ত্রাসীরা শাসিয়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, " তাদের ভয়ে প্রতিমা বিসর্জনের জন্যও আমরা কেউ বাড়ির বাইরে বের হইনি। থানাতেও যাইনি। তবে পুলিশ এসেছিল। সন্ত্রাসীরা টেলিফোনে হুমকি দিয়েছে, মামলা করলে তারা পেট্রোল বোমা মেরে মিঠুনের বাড়িতে আগুন ধরিয়ে দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২২৩৮ ঘ.