২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সদস্য দুলাল রিমান্ডে, বাকিরা কারাগারে

গাজীপুরে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এহসার সদস্য দেলোয়ার হোসেন ওরফে দুলালকে (২৩) তিনদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 03:27 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর এহসার সদস্য দেলোয়ার হোসেন ওরফে দুলালকে (২৩) তিনদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সোমবার গাজীপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত এই অনুমতি দেয়। এছাড়া কুমিল্লা ও খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গ্রেপ্তার জেএমবির চার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার মাটিরাঙার দুর্গম পাহাড়ি এলাকায় র‌্যাব জেএমবির একটি প্রশিক্ষণ কেন্দ্রের সন্ধান পায়। সেখান থেকে জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা মো. আব্দুর রহিম ওরফে জাহিদ ওরফে সাইফুলকে (২৪) গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাটিরাঙা থেকে রাতে গ্রেপ্তার করা হয় দেলোয়ার হোসেন সজিব (৩২) ও ইউনুস আলীকে (২০)। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার গাজীপুর সদর উপজেলার খাইলকৈর থেকে জেএমবির এহসার সদস্য দেলোয়ার হোসেন ওরফে দুলাল (২৩) এবং কুমিল্লা সদর উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে মনির হোসেন ওরফে রিপনকে (২৪) গ্রেপ্তার করা হয়। মাটিরাঙার জঙ্গি ঘাঁটি থেকে গ্রেনেডের ১৪টি খোলস, ২০টি ডেটোনেটর, ৪৯টি জিহাদি বই, ২৭টি ব্যাটারি, এক প্যাকেট গান পাউডারসহ বিভিন্ন সামগ্রী আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: গাজীপুর: খাইলকৈরে গ্রেপ্তার দুলালকে সোমবার দুপুর ১২টায় গাজীপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ১০দিন হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে বিচারক তারেক আজিজ তার তিনদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাত ২টার দিকে তাকে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-১ এর কর্পোরাল আব্দুল হান্নান বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।" দুলাল শেরপুরের নকলা থানার গোয়েলেরকান্দা এলাকার আব্দুল হাকিমের ছেলে। খাগড়াছড়ি: মাটিরাঙায় গ্রেপ্তার জেএমবির তিন সদস্য রহিম, সজিব ও ইউনুসকে সোমবার খাগড়াছড়ির বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানান মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একইসঙ্গে আগামী ১৯ অক্টোবর জিজ্ঞাসাবাদের আবেদন শুনানির পরবর্তী দিন ধার্য করে। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. আমীর জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃত জেএমবি সদস্যদের সোমবার সকালে মাটিরাঙা থানায় হস্তান্তর করে র‌্যাব। দুর্গম পাহাড়ি এলাকায় জেএমবি কীভাবে ঘাঁটি গড়ে তুলেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসপি আমীর জাফর। রহিম কুমিল্লার দেবীদ্বারের জয়নাল আবেদীনের ছেলে। সজিব মাটিরাঙার শান্তিপুরের সফিক মিয়া এবং ইউনুস একই এলাকার সুরুমিয়ার ছেলে। কুমিল্লা: গ্রেপ্তার মনির হোসেন ওরফে রিপনকে সোমবার সকালে কুমিল্লা সদর থানায় সোপর্দ করে র‌্যাব। দুপুরে তাকে কুমিল্লা বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। আদালত মনিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউল ইসলাম। মুনির দেবীদ্বার উপজেলার বড়কিকান্দি গ্রামের পূর্ব পাড়ার শহীদুল্লাহ সরকারের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২১২৫ ঘ.