মেহেরপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।
এরা হলেন- রফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী পল্লবী খাতুন (৩৬) ও নাতি জীবন (৫) এবং তাদের আত্মীয় দেলোয়ার হোসেন (২৩)।
এদের মধ্যে রফিকুল, জীবন ও দেলোয়ার ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় পল্লবীকে প্রথমে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
হতাহতরা সবাই মোটরসাইকেল আরোহী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুরগামী মিতালী পরিবহনের একটি বাস দরবেশপুর এলাকায় একটি ছাগলের বাচ্চাকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় পর আশপাশের লোকজন বাসটিকে আটক করে ভাঙচুর চালায়। তখন বাসচালক পালিয়ে যায়। খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্পের সদস্যরা এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রফিকুল ইসলামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে। তিনি ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান।
তিনি জানান, রফিকুল স্ত্রী ও নাতিকে নিয়ে চুয়াডাঙ্গায় শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।
ইউপি সদস্য কসবা গ্রামের শুকুর আলী জানান, জীবনের বাবা মুজিবুল ইসলাম বিদেশে থাকেন। তাদের বাড়ি চুয়াডাঙ্গার মহেশপুরে। সে চাচা দেলোয়ারের সঙ্গে ঈদ করতে নানা বাড়ি এসেছিল।
বারাদী পুলিশ ক্যাম্পের কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রোকন উদ্দিন জানান, হতাহতদের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.
bdnews24