ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দৈনিক যায়যায়দিনের সিনিয়র রিপোর্টার আজমল হক হেলালকে পিরোজপুরের মঠবাড়িয়ায় একদল যুবক লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার রাতে মঠবাড়িয়ার তুষখালী বাজারের একটি পূজামণ্ডপে তার ওপর হামলা হয় বলে হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তবে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল হক বলেছেন, "সাংবাদিক হেলালের ওপর কেউ হামলা করেছে এমন কোন তথ্য আমি পাইনি।
উল্টো হেলালই রুবেল নামে এক যুবককে মেয়েদের ওপর আখের ছোবরা মারার অভিযোগে পিটিয়েছেন।"
ঘটনার পরই পুলিশ ব্যবস্থা নিয়েছে বলেও ওসি দাবি করেন।
হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার রাতে তুষখালী বাজারের একটি পুজামণ্ডপে আরতি দেখার সময় একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়। ঘটনার সময় আমি রুম্মান ও শামিম নামে দুই সন্ত্রাসীকে ধরে ফেললেও অন্যদের সহায়তায় তারা পালিয়ে যায়।"
হেলাল অভিযোগ করেন, ঘটনার সময় থানার উপ-পরিদর্শক এনামুল হকসহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সেখানে ছিলেন। কিন্তু পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করে।
ঘটনার পরপরই স্থানীয় সাংসদ আনোয়ার হোসেন ও ওসি নূরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এসএইচ/২০৫৫ ঘ.
bdnews24