ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী মাফরুদা হক সুতপার মৃত্যু আত্মহত্যাজনিত কারণে হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সুতপার স্বজনরা এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে অভিযোগ করেছেন, আর্থিক লেনদেন বা সুবিধা নিয়ে এ প্রতিবেদন করা হয়ে থাকতে পারে।
গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মীরপুর পানির ট্যাংকি এলাকায় শ্বশুরবাড়িতে সুতপার রহস্যজনক মৃত্যু হয়। হত্যার অভিযোগে ঘটনার দিন রাতেই স্বামী ইমরুল সাদাত আবীরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার ময়নাতদন্ত প্রতিবেদনটি আমি হাতে পেয়েছি। এতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার কথা উল্লেখ রয়েছে। তার শরীরে কিছু জখমের চিহ্ন থাকলেও সেগুলো মৃত্যুর কারণ নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডা. জুবায়ের রহমান ময়নাতদন্ত করেছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে সুতপার ভগ্নিপতি হাফিজ আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এই রিপোর্টটি মেনে নিতে পারছি না। সুরতহাল রিপোর্টেও হত্যার করার কথা উল্লেখ ছিল। তবে ময়নাতদন্তে বলা হচ্ছে আত্মহত্যা। আর্থিক সুবিধা বা কোন বিশেষ সুবিধার কারণে এটি হতে পারে।"
মামলাটির বিষয়ে পুলিশের আচরণও সন্দেহজনক মন্তব্য করে তিনি বলেন, "সুপতার শাশুড়ি বা শ্বশুরকে এখনো গ্রেপ্তার করা হয়নি।"
হাফিজ আকবর জানান, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে ন্যায় বিচার চেয়েছেন। তিনি তাদের এ ব্যাপারে আশ্বস্ত করেছেন।
এছাড়া আবার তদন্তের জন্যে আবেদন করার কথা তারা ভাবছেন বলেও জানান হাফিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এসএইচ/২০৩৮ ঘ.
bdnews24