২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরলেন দেবী দুর্গা

মর্ত্যলোকের বাবার বাড়ি ছেড়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গা হিমালয়ের কৈলাস সরোবরে স্বামীর বাড়িতে ফিরে গেছেন। বিসর্জন পূজা ও নিরঞ্জনের (প্রতিমা বিসর্জন) মধ্য দিয়ে সোমবার শেষ হয়েছে বাঙালি হিন্দুদের সবচে' বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মর্ত্যলোকের বাবার বাড়ি ছেড়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গা হিমালয়ের কৈলাস সরোবরে স্বামীর বাড়িতে ফিরে গেছেন। বিসর্জন পূজা ও নিরঞ্জনের (প্রতিমা বিসর্জন) মধ্য দিয়ে সোমবার শেষ হয়েছে বাঙালি হিন্দুদের সবচে' বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাঁসর ঘণ্টা বাজিয়ে নৌকায় করে বুড়িগঙ্গার মাঝখানে নিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয় বিকেল সাড়ে ৪টা থেকেই। চলবে গভীর রাত অবধি। দুর্গা যে ক'দিন পিতৃগৃহে ছিলেন, ঢোলের বাদ্য সে ক'দিন ভক্তদের মনে ভক্তি আর আনন্দ মূর্ছনা দুই-ই জাগিয়েছে। বিজয়া দশমীতে দুর্গার বিদায় বেলায় সেই ঢোলের বাদ্যেই বৃষ্টিতে ভিজেও উন্মাদনায় নেচেছে ভক্তরা। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার পাল জানান, সোমবার সকাল ৯টার মধ্যে দর্পণ বিসজর্ন পূজার মাধ্যমে দেবীর শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়েছে। বিকেলে বুড়িগঙ্গায় প্রতিমা ডুবিয়ে সম্পন্ন হয়েছে নিরঞ্জন। এবার দেবী দোলায় (পালকি) চেপে এসেছেন, আর ফিরেছেন গজের (হাতি) পিঠে। পাঁচদিনব্যাপী এ উৎসবের শেষদিন সোমবার রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গা ও তার ছেলে-মেয়ে লক্ষ্মী, সরস্বতী, কার্ত্তিক ও গণেশের প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করে। এর প্রস্তুতি হিসেবে দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার পূজামণ্ডপ থেকে ভক্তরা ট্রাক ও ঠেলাগাড়িতে করে প্রতিমা নিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের সামনে জড়ো হতে থাকে। বিকেল ৪টার দিকে ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয় বিজয়া শোভাযাত্রা। বৃষ্টি মাথায় নিয়েই ঢাক, ঢোল, করতাল ও অন্যান্য বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রায় যোগ দেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ-শিশু। নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেলেও আনন্দের যেন কমতি ছিল না তাদের। যাত্রাপথে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণে রাখে। বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি র‌্যাব সদস্যরাও মাঠে ছিলেন। বিশাল এ শোভাযাত্রা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে লোক সমাগম ও ট্রাকে প্রতিমার সংখ্যাও বাড়তে থাকে। বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে মিছিলে যোগ দিতে থাকেন ভক্তরা। ঢাকেশ্বরী থেকে পলাশী, হাইকোর্ট, গুলিস্তান হয়ে ওয়াইজ ঘাটে গিয়ে শেষ হয় এ শোভাযাত্রা। এরপর হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাঁসার ঘণ্টা বাজিয়ে নৌকায় করে বুড়িগঙ্গার মাঝখানে নিয়ে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া শুরু হয়। ঢাকায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর নগরীতে ১৭২টি মণ্ডপে পূজা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এসএইচ/২০০৬ ঘ.