কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের বুকের মনোরম দ্বীপ সেন্ট মার্টিন'স-এ মাত্রাতিরিক্ত পর্যটক উপস্থিতির কারণে সেখানকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপস্থিতি কম হলেও এ দ্বীপে বেশি পর্যটকের পাশাপাশি তাদের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডে দ্বীপটির পয়োনিষ্কাশন ব্যবস্থা ও আবর্জনা সমস্যা চরম আকার ধারণ করেছে বলে দ্বীপটির ওপর তৈরি করা এক পরিবেশগত নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে।
সরকারি ওই প্রতিবেদনে এ অবস্থায় প্রবাল দ্বীপটির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া এবং সেখানে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে।
পরিবেশ বিশেষজ্ঞ ও অডিট বিভাগের যৌথ পরিবেশগত ওই নিরীক্ষা প্রতিবেদন সম্প্রতি সংসদে উপস্থাপন করা হয়।
কক্সবাজারের টেকনাফ থানা থেকে ৩৪ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকের এ দ্বীপে প্রায় ছয় হাজার মানুষের বসবাস।
আর সাত কিলোমিটার লম্বা (উত্তর-দক্ষিণে) এ প্রবাল দ্বীপে পর্যটন মৌসুমে প্রতিদিন প্রায় দেড় হাজার পর্যটক ভ্রমণ ও অবস্থান করে।
দেশের সব সরকার পর্যটন শিল্পের সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচনের জন্য পর্যটন খাতকে উৎসাহিত করে আসছে উল্লেখ করে সরকারি ওই প্রতিবেদনে আশঙ্কা করা প্রকাশ করা হয়েছে, বিষাক্ত পানি পান করে সেন্ট মার্টিন'স এর বাসিন্দাদের মৃত্যু হতে পারে এবং জনগণের জন্য একটি 'অভিশপ্ত' দ্বীপে পরিণত হতে পারে এটি।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেখানে বেশ কিছু সমস্যা রয়েছে। পরিবেশ মন্ত্রণালয় প্রকৃতপক্ষে পরিবেশের এসব সমস্যা নিয়ন্ত্রণ করতে পারছে না।
"এছাড়া এসব সমস্যা সমাধানের জন্য বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের কোনও কর্তৃত্ব নেই।"
সঙ্কট নিরসনে পর্যটন মন্ত্রণালয় একটি নতুন আইনের খসড়া তৈরি করছে জানিয়ে তিনি বলেন, "আইনটি হলে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানকে পর্যটন স্পট হিসেবে ঘোষণা করা সম্ভব হবে এবং সেগুলোর ওপর পর্যটন মন্ত্রণালয়ের কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে।
"আইনটি হলে মন্ত্রণালয় এসব সমস্যা সমাধানের ব্যাপারে উদ্যোগ নেবে।"
মন্ত্রী জানান, আগামী ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় পর্যটন পরিষদের সভায় খসড়া আইনটি নিয়ে আলোচনা হবে এবং সেখানে নীতিগত অনুমোদন লাভ করলে তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
সেন্ট মার্টিন'স এ অপরিকল্পিত ও যত্রতত্র গড়ে ওঠা হোটেল এবং অন্যান্য অবকাঠামোর সঙ্গে পর্যটকদের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, "দ্বীপটির পয়োনিষ্কাশন ব্যবস্থা ও আবর্জনা সমস্যা চরম আকার ধারণ করেছে। পাশাপাশি ব্যাপক চাপ পড়ছে সেখানকার খাদ্য ও পানি সরবরাহ ব্যবস্থার ওপর। অত্যধিক জনসংখ্যার চাপ দ্বীপটির পরিবেশ মারাত্মকভাবে দূষিত করছে।"
দ্বীপে হোটেল মালিকরা বিদ্যুৎ উৎপাদনের জন্য সমুদ্রের পাশে জেনারেটর চালু রাখে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, "হোটেলের আলো, জেনারেটরের শব্দ ও সৈকতে পর্যটকদের কোলাহলের কারণে সেন্ট মার্টিন'স এর কচ্ছপ তীরে উঠে ডিম পাড়তে পারে না। ফলে তাদের বংশ বিস্তার বাধাগ্রস্ত হয়।
"এতে জেলি ফিসের সংখ্যা বেড়ে যাচ্ছে। জেলি ফিস সমুদ্রের ছোট-খাটো মাছ ও অন্যান্য ছোট প্রাণী ধ্বংস করে ফেলে। যেখানে কচ্ছপ জেলি ফিস খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।"
প্রতিবেদনে আরও বলা হয়, "কচ্ছপ বালুতে ডিম পাড়ার জন্য অমাবস্যার রাতে স্থলভাগে আশ্রয় নেয়। তবে পরিবেশবাদীদের মতে, সামান্য শব্দ শুনতে পেলে এবং আলো, এমনকি সিগারেট জ্বলতে দেখলেও কচ্ছপ ডিম পাড়তে পারে না।
"আর টানা তিনদিন শব্দ ও আলোহীন পরিবেশ না পেলে কচ্ছপ হয় সাগরে ডিম পাড়ে, নতুবা ডিম পাড়তে না পেরে মারা যায়।"
এছাড়া বড় গুইসাপসহ আরও অনেক প্রাণী ইতোমধ্যেই সেখান থেকে বিলুপ্ত হয়ে গেছে এবং আরও অনেক প্রাণী বিলুপ্তির পথে রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।
এমন অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের উচিত হবে টেকনাফ ও সেন্ট মার্টিন'স-এর মধ্যকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা, যাতে পর্যটকরা দিনের বেলায় ৫-৬ ঘণ্টা দ্বীপটি ঘুরে টেকনাফে রাত্রিযাপন করতে পারে।
এস এম মঞ্জুরুল হান্নান খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল প্রতিবেদনটি তৈরি করেছে।
অডিট বিভাগের মহাপরিচালক এ কে এম জসিম উদ্দিনের সমন্বয়ে ২০০৭ সালের ৩ মে থেকে ২৪ মে এবং ২৭ মে থেকে ১৪ জুন পর্যন্ত পরিবেশগত এ সমীক্ষা পরিচালনা করে।
সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, "অতিসত্বর দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য সুসংহত করার জন্য বাংলাদেশের স্থায়ী বাসিন্দা এবং মিয়ানমারের নাগরিকদের সুষ্ঠু নীতিমালা ও বাস্তবসম্মত পদ্ধতিতে সেন্ট মার্টিন'স থেকে সরিয়ে নেওয়া এবং বহিরাগতদের দ্বীপে আগমন রোধের পদক্ষেপ ও আবাসস্থল তৈরির বিষয়ে বিধি-নিষেধসহ কার্যকর ব্যবস্থা নেওয়া আবশ্যক।"
দ্বীপটিতে উদ্বেগজনক হারে বসতি স্থাপন হতে থাকায় প্রাকৃতিক সম্পদের অপব্যবহার হচ্ছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, "পর্যটকরা এই গতিতে প্রবাল সংগ্রহ করতে থাকলে অচিরেই সেন্ট মার্টিন তার প্রবাল দ্বীপের মর্যাদা হারাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এসএইচ/১৯৪৩ ঘ.
bdnews24