টাঙ্গাইল, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুজা দেখতে এসে টাঙ্গাইলে রোববার রাতে নৌকাডুবিতে নিখোঁজ চারজনের লাশ সোমবার উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন সাভারের অধীর সরকারের ছেলে পার্থ (১২) ও মাখন সরকারের ছেলে তুষার (১২) এবং গাজীপুরের জয়দেবপুর মধ্যপাড়া এলাকার নীহার রন্ধন দে'র ছেলে পার্থ চন্দ্র দে (২৭) ও হরিপদ বর্মণের ছেলে বিশ্বজিত বর্মণ (২৪)।
পার্থ ও তুষার ৭ম শ্রেণীর ছাত্র। এরা সাভার সদরের বাসিন্দা।
মির্জাপুর কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, সাভার থেকে মাইক্রোবাসে করে ১১ জন ছাত্রের একটি দল এবং গাজীপুর থেকে ৫জন ছাত্রের একটি দল পূজা দেখতে আসে। রাত ৮টার দিকে তারা একটি ডিঙ্গি নৌকা নিয়ে লৌহজং নদী পার হওয়ার সময় ২৫-৩০ জন যাত্রী নিয়ে তা ডুবে যায়। নৌকার যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও বেড়াতে আসা দুটি দলের চারজন নিখোঁজ হয়।
ঢাকা থেকে আসা ডুবুরীদের একটি দল রাত তিনটার দিকে পার্থ ও তুষার এবং সকাল ৭টার দিকে পার্থ চন্দ্রের লাশ উদ্ধার করে। বিকেলে উদ্ধার করা হয় বিশ্বজিতের লাশ।
লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও ওসি হাবিবুল্লাহ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/এমএসবি/২০২৮ ঘ.
bdnews24