ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার এক অগ্নিকাণ্ড সংঘটিত হয়।
(বিস্তারিত)
দুপুর পৌনে একটার দিকে পাঁচ তলা ভবনটির তিন তলায় আগুনের সূত্রপাত ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার ব্রিগেডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ বলেন, "আগুন লাগার খবর পাওয়ার পর আমরা দ্রুত ভবনের বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা নিই। আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।"
সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
এদিকে আগুন লাগার কারণ তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।
দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ঘটনার পরপরই কার্যালয়ে আসেন।
তিনি বলেন, "এ ঘটনা অনভিপ্রেত। আমরা সরকারের কাছে দাবি জানাই কী কারণে আগুন লেগেছে তা সুষ্ঠু তদন্ত করে দেখতে ।"
আগুন লাগার বিষয়টি নাশকতামূলক কোনো কিছু সন্দেহ করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "এ মূহুর্তে তেমন সন্দেহ করছি না। বিষয়টি সরকার সুষ্ঠু ভাবে তদন্ত করে দেখুক।"
আগুনের ঘটনার পর দ্রুত ফায়ার ব্রিগেডের গাড়িসহ পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে আসে। তারা আধা ঘন্টার মধ্যে তিন তলার আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনের সূত্রপাতের সময়ে তিন তলার নিজ চেম্বারে বসে কাজ করছিলেন দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ করেই তিন তলায় আগুন লাগে। আমি খবর শুনে রুমের বাইরে এসে দেখতে পাই সুইচ বোর্ডে আগুন জ্বলছে। তাড়াতাড়ি নিচে নেমে আসি।"
অগ্নিকান্ডের সময় দলের অর্ধ শতাধিক কর্মী সেখানে উপস্থিত ছিলেন। তারা আগুন নেভানোর কাজে ফায়ার ব্রিগেডের সদস্যদের সহযোগিতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/আরএ/এইচএ/১৪৫০ ঘ.
bdnews24