সাভার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাইয়ে একটি পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে রোববার সোনার নৌকা উপহার নিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সরকারদলীয় স্থানীয় সাংসদ বেনজীর আহম্মেদ।
ধামরাইয়ের বাড়বাড়িয়া এলাকার জগদীশ চন্দ্র দাসের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীকে ১০ ভরি এবং সাংসদকে এক ভরি সাত আনার সোনার নৌকা উপহার দেওয়া হলে তারা তা গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, বিকেল চারটার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ধামরাইয়ের বাড়বাড়িয়া এলাকার জগদীশ চন্দ্র দাসের বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে আসেন।
এ সময় ঢাকা- ২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বেনজীর আহম্মেদ ও তার স্ত্রী অধ্যক্ষ লুৎফুন নেছা, আওয়ামী লীগ নেতা এম এ মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
পরে জগদীশ চন্দ্র দাস উপহার হিসেবে শামসুল হক টুকুর হাতে ১০ ভরি ওজনের একটি সোনার নৌকা তুলে দেন। প্রতিমন্ত্রী উপহারটি গ্রহণ করে তার সঙ্গে থাকা ব্যক্তিগত কর্মকর্তার কাছে দেন।
এছাড়া জগদীশ চন্দ্র দাসের ছেলে জয়ন্ত দাস উপহার হিসেবে সরকারদলীয় স্থানীয় সাংসদ বেনজীর আহম্মেদের হাতে এক ভরি সাত আনা ওজনের একটি সোনার নৌকা তুলে দেন।
জগদীশ চন্দ্র দাস পরে সাংবাদিকদের বলেন, "আমার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী এসেছে, এ আমার সৌভাগ্য। তাই খুশি হয়েই স্বর্ণের নৌকা উপহার দিয়েছি।"
তিনি বলেন, "এ মণ্ডপে কোন সমস্যা নেই। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই পূজা হচ্ছে।"
জগদীশ চন্দ্র দাস আরও বলেন, "মন্ত্রী ও এমপিকে উপহার দেওয়ার জন্য নৌকা দু'টি ঢাকার একটি স্বর্ণের দোকান থেকে ভাতিজার মাধ্যমে অর্ডার দিয়ে বানিয়ে এনেছি।"
এদিকে সোনার নৌকা উপহার হিসেবে নেওয়ার ব্যাপারে জানতে রোববার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
তবে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আনিসুজ্জামান দোলন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিমন্ত্রীর সঙ্গে আমিও ছিলাম। জগদীশ দাসের বাড়িতে উনাকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়েছে। সোনার নৌকা উপহার দেওয়ার কোন ঘটনা আমার চোখে পড়েনি।"
অন্যদিকে সাংসদ বেনজীর আহম্মেদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এর আগে বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময় বিএনপি দলীয় সাংসদ নাদিম মোস্তফা সংবর্ধনা অনুষ্ঠানে সোনার মুকুট গ্রহণ করে সারা দেশে সমালোচিত হন।
শনিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ধামরাইয়ের কায়েতপাড়া, বড় বাজার , অজিত বসাকের বাড়ি, দক্ষিণপাড়া মন্দির ও ইসলামপুরের সর্বজনীন পূজামন্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকার পথে রওনা হন।
পরিদর্শন শেষে শামসুল হক সাংবাদিকদের বলেন, "দেশের অপশক্তির কাছে মসজিদ-মন্দির আজ নিরাপদ নয়। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে।"
তিনি আরও বলেন, "জঙ্গিবাদ নির্মূল করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ঈদের পরেই এই দুর্গাপূজা। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন বিঘ
bdnews24