২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জাপুরে খেয়ানৌকা ডুবে সাভারের দু'ছাত্র নিখোঁজ

ঢাকার সাভার থেকে দূর্গাপূজার প্রতিমা দেখতে এসে টাঙ্গাইলের মির্জাপুরে রোববার রাতে খেয়ানৌকা ডুবে নিখোঁজ হয়েছে দুই স্কুলছাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 04:42 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকার সাভার থেকে দূর্গাপূজার প্রতিমা দেখতে এসে টাঙ্গাইলের মির্জাপুরে রোববার রাতে খেয়ানৌকা ডুবে নিখোঁজ হয়েছে দুই স্কুলছাত্র। এরা হল- পার্থ সরকার ও তুষার সরকার। পার্থ অধীর সরকারের ছেলে এবং আলহাজ জাফর বেপারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। তুষার মাখন সরকারের ছেলে এবং রোটারী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র। রোববার রাত সোয়া ৮টায় খেয়ানৌকাটি প্রায় ৫০ যাত্রী নিয়ে ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও ওদের দু'জনের সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন মির্জাপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার। তিনি জানান, সাভার থেকে একটি মাইক্রোবাস নিয়ে ১১ জন ছাত্র মির্জাপুরে রণদা প্রসাদ (আরপি) সাহার বাড়ি সংলগ্ন পূজামণ্ডপে প্রতিমা দেখতে আসে। রাত সোয়া ৮টার দিকে খেয়া নৌকায় কুমুদিনী হাসপাতাল সংলগ্ন লৌহজং নদী পার হওয়ার সময় সেটি ডুবে যায়। এই দুই ছাত্রকে উদ্ধার করতে ডুবুরি আনার জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসকের মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.