২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানহানি মামলায় ইরাদ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ'র দায়ের করা মানহানি মামলায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 03:20 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ'র দায়ের করা মানহানি মামলায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। রোববার বিকেলে ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান ইরাদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষে এ আদেশ দেন। ইরাদ সিদ্দিকী বিএনপির বহিস্কৃত নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে। মামলার অভিযোগে বলা হয়, ইরাদ সিদ্দিকী এ বছরের ৯ মার্চ হান্নান শাহ, মীর্জা আব্বাস, সাদেক হোসেন খোকা এবং ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ইরাদ হান্নান শাহকে 'গণতন্ত্রের জারজ সন্তান' বলে অভিহিত করেন। এ মন্তব্যের ছয়দিন পর গত ১৫ মার্চ হান্নান শাহ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ইরাদের বিরুদ্ধে মানহানির এ মামলা করেন। পরে ইরাদ হাইকোর্টে আত্মসমর্পণ করলে বিচারক তাকে সংশ্লিষ্ট নিু আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। হান্নান শাহ'র আইনজীবী হোসেন আলী খান হাসান এবং আমিরুল ইসলাম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইরাদ সিদ্দিকী শুরু থেকে কখনোই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হননি। শুনানির সময় মামলার অভিযোগ গঠন এবং ইরাদের উপস্থিতির জন্য তার আইনজীবীরা সময় চান। কিন্তু হাকিম সে আবেদন নাকচ করে দেন। এর ফলে এখন ইরাদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এইচএ/২১১৮ ঘ.