খুলনা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর স্যার ইকবাল রোডের মতি মসজিদের সামনে থেকে রোববার দুপুরে মো. মাসুম (২৮) নামে এক যুবককে বোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
উদ্ধারকৃত বোমাটি পানিতে ভিজিয়ে নিস্ক্রিয় করা হয়েছে।
খুলনা সদর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক রাশেদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মনির হোসেন স্যার ইকবাল রোডের মতি মসজিদের সামনে অবস্থান নেন। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে মাসুম যাচ্ছিল।
পুলিশ মাসুমের হাতে থাকা ছোট ব্যাগ তল্লাশি করে বোমাটি উদ্ধার করে। বোমাটি টিনের কৌটায় ঘরে তৈরি বলে এসআই রাশেদুল জানান।
মাসুম যশোর জেলার সদর থানার রায়পাড়ার জামতলা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০২ ঘ.
bdnews24