২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানির অপেক্ষায় ভালুকার কুমির

৭৪টি কুমির নিয়ে ২০০৫ সালের ডিসেম্বরে চাষ শুরু ময়মনসিংহের ভালুকার রেপটাইলস ফার্ম লিমিটেডের। বর্তমানে সেখানে কুমিরের সংখ্যা আট শতাধিক। আর এর একশ'টির মাংস, চামড়া, দাঁত ও হাঁড় আগামী ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে রপ্তানি করা সম্ভব এবং এতে প্রায় এক কোটি টাকা আয় হবে বলে জানিয়েছেন বেসরকারি এ প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর কবির জুয়েল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 12:54 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

জাহাঙ্গীর কবির জুয়েল, ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৭৪টি কুমির নিয়ে ২০০৫ সালের ডিসেম্বরে চাষ শুরু ময়মনসিংহের ভালুকার রেপটাইলস ফার্ম লিমিটেডের। বর্তমানে সেখানে কুমিরের সংখ্যা আট শতাধিক। আর এর মধ্যে একশটির মাংস, চামড়া, দাঁত ও হাঁড় আগামী ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে রপ্তানি করা সম্ভব এবং এতে প্রায় এক কোটি টাকা আয় হবে বলে জানিয়েছেন বেসরকারি এ প্রতিষ্ঠানের উদ্যোক্তারা। তারা আরও জানান, এর মধ্য দিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো কুমির রপ্তানি করবে। বর্তমানে অস্ট্রেলিয়া, ব্যাংকক, ভিয়েতনাম, সিংগাপুর, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া ও চীনসহ প্রায় অর্ধশত দেশে কুমিরের বাণিজ্যিক চাষ হচ্ছে। কুমিরের মাংসের চাহিদা রয়েছে চীন, জাপান, তাইওয়ান, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজবাহুল হক বলেন, "আগামী ডিসেম্বর থেকে ২০১০ সালের এপ্রিলের মধ্যে ১০০ কুমির রপ্তানি করা হবে। বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী এসব কুমিরের মাংস, চামড়া, দাঁত ও হাঁড় রপ্তানি করা হবে। এ জন্য সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।" শিগগির হাতির বেড় গ্রামের এ খামারের ইনকিউবিটারের পাশে আধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানা, সংরক্ষণাগার ও বর্জ্য পরিশোধনাগার তৈরি করা হবে বলে তিনি জানান। মেজবাহুল হক আরও বলেন, "২০১২ সালের পর কুমির খামারের পাশেই সাপের খামার, প্রজাপতির মিউজিয়াম এবং পাখির অভয়ারণ্য (ক্যাপটিভ বার্ড সেঞ্চুরি) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।" খামারের উদ্যোক্তারা আশা করেছেন, ২০১১ সালে আরও প্রায় আড়াইশ' এবং ২০১২ সাল নাগাদ কমপক্ষে ৫০০ কুমির রপ্তানি করা সম্ভব হবে। এতে প্রতি বছরই আয় হবে কয়েক কোটি টাকার বৈদেশিক মুদ্রা। রেপটাইলস ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খামারে ২০০৬ সালে ৬৯টি ডিম পাওয়া গেলেও তাতে কোনও বাচ্চা হয়নি। অবশ্য, এরপর ২০০৭ সালে ১৫টি কুমির ৬০৪টি ডিম দেয় এবং এর মধ্যে বাচ্চা হয় ১৪১টি। এছাড়া ২০০৮ সালে ৯৬০টি ডিম থেকে বাচ্চা হয় ২৪০টি এবং ২০০৯ সালে ১১৫০টি ডিম থেকে বাচ্চা পাওয়া গেছে ৪১৬টি। এদিকে খামারটি এখন দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রায়ই রাজধানীসহ বিভিন্ন এলাকার দর্শনার্থীরা এখানে আসছে। জনপ্রতি ২৫০ টাকা টিকেটের বিনিময়ে যে কেউ খামারটি ঘুরে দেখতে পারছে। আগতদের খামারের কুমির, কুমিরছানা, ডিম, হাঁড় ইত্যাদি দেখানো হয়। বিকেলে খামার এলাকাটি নানা ধরনের শত শত পাখির আগমন ও কিচিরমিচির ডাকে মুখরিত হয়ে উঠে। এটা দর্শনার্থীদের বাড়তি আনন্দ জোগায়। আর্ন্তজাতিক সংস্থা সিটিস'র (সিআইটিইএস) অনুমোদন সাপেক্ষে ২০০৫ সালের ২২ ডিসেম্বর মালয়েশিয়া থেকে সোয়া কোটি টাকা ব্যয়ে ৭৫টি কুমির আনা হয়। আনার পথে একটি কুমির মারা যায়। এরপর প্রায় ১৩ একর জমির মধ্যে ৪ একর জমিতে তৈরি ১৪টি পুকুরে ১৫টি পুরুষ কুমিরসহ ৭৪টি কুমির ছাড়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এসএইচ/১৮৪৫ ঘ.