২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চম সংশোধনী বাতিল হলে '৭২ সংবিধানে ফিরতে বাধা থাকবে না: আইনমন্ত্রী

পঞ্চম সংশোধনী বাতিলে হাইকোর্টের রায় বহাল থাকলে '৭২ এর সংবিধানে ফিরতে কোনও বাধা থাকবে না জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সে ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না। তবে পঞ্চম সংশোধনী বাতিল হলে চতুর্থ সংশোধনীর কারণে বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা চালুর আশঙ্কা নাকচ করেছেন তিনি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 10:21 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম সংশোধনী বাতিলে হাইকোর্টের রায় বহাল থাকলে '৭২ এর সংবিধানে ফিরতে কোনও বাধা থাকবে না জানিয়ে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সে ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে না। তবে পঞ্চম সংশোধনী বাতিল হলে চতুর্থ সংশোধনীর কারণে বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থা চালুর আশঙ্কা নাকচ করেছেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রথম সংবিধানের মূল ভিত্তি পুনঃপ্রতিষ্ঠায় সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে। এ জন্য আইন কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি এর বিরোধিতা করে আসছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। তারপর বিভিন্ন সময় সংবিধানে ১৪ বার সংশোধনী আনা হয়। এরমধ্যে সামরিক সরকারও কয়েকটি সংশোধনী এনে তাদের কাজের বৈধতা দেয়। '৭২ এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতা মূল ভিত্তির অন্যতম থাকলেও সামরিক শাসক জিয়াউর রহমানের সময়ে এতে এক দফা পরিবর্তন আনা হয়। পরে এইচ এম এরশাদের সময় আবার পরিবর্তন এনে ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়। শফিক আহমেদ রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল থাকলে '৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠিত হবে। সে ক্ষেত্রে এ বিষয়ে সংবিধান সংশোধনেরও আর প্রয়োজন পড়বে না।" ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়। সরকারের (তৎকালীন বিএনপি সরকার) আবেদনে আপিল বিভাগ ওই রায় স্থগিত করে। হাইকোর্টের রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের শাসনকে বেআইনি ঘোষণা করে বলা হয়, সামরিক আইন সামগ্রিকভাবে অবৈধ ও অসাংবিধানিক এবং সামরিক আইনের অধীনে করা সব কার্যক্রম, আইন ও বিধিও অবৈধ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত সরকার পরিবর্তন সংবিধানসম্মতভাবে হয়নি বলেও হাইকোর্ট তখন অভিমত দেয়। আইনমন্ত্রী বলেন, "পঞ্চম সংশোধনী বাতিল মানেই চতুর্থ সংশোধনীর পুনঃপ্রতিষ্ঠা নয়। কেননা, গণভোটের মাধ্যমে চতুর্থ সংশোধনী বাতিল হয়েছিল। ফলে একদলীয় শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই।" পঞ্চম সংশোধনী বাতিলের মাধ্যমে '৭২ এর সংবিধান প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের চাল মূলনীতি (গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র) পুনর্বহাল হবে বলে জানান শফিক। কবে নাগাদ পঞ্চম সংশোধনীর বিষয়টি আপিল আদালতে উঠবে জানতে চাইলে তিনি বলেন, "প্রথমে বঙ্গবন্ধু মামলা আছে, তারপর জেল হত্যামামলা, এরপর এই মামলাটি শুনানির তালিকায় আসতে পারে।" আইনমন্ত্রী গত বৃহস্পতিবার জানান, সংবিধান সংস্কারের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিগগিরই আইন কমিশনকে চিঠি দেওয়া হবে। এ পদক্ষেপকে 'দুরভিসন্ধিমূলক' বলে পরদিন মন্তব্য করেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এর প্রতিক্রিয়ায় শফিক আহমেদ বলেন, "আইন কমিশন আইন প্রণয়ন করে না। আইন প্রণয়ন করে সংসদ। সংবিধান সংশোধনের বিষয়েও সিদ্ধান্ত হবে সংসদে।" সংবিধান সংশোধন করার মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বর্তমান সংসদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের রয়েছে। তবে স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম গত বৃহস্পতিবার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, সংবিধান সংশোধন হলে তা ঐকমত্যের ভিত্তিতেই করা হবে। তবে '৭২ এর সংবিধানে ফিরে যাওয়াই সংবিধান সংশোধনের মূল লক্ষ্য নয় জানিয়ে আইনমন্ত্রী বলেন, "সংবিধানে সংশোধনযোগ্য আরও অনেক কিছু আছে। সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং সংসদে আলোচনার মাধ্যমেই সব কিছু করা হবে।" জাতিসংঘ শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআর এর আবাসিক প্রতিনিধি সাবের আজমের সঙ্গে বৈঠকের পর আইনমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের কথা হয়। বৈঠকের বিষয়ে শফিক জানান, বাংলাদেশে নিবন্ধিত ২৮ হাজার এবং অনিবন্ধিত ২ লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে বলে এক জরিপে দেখা গেছে। তাদের ইউএনএইচসিআর-এর উদ্যোগে মিয়ানমারে ফেরত পাঠানো নিয়ে আলোচনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৮৫০ ঘ.