২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াইন ফ্লুর প্রকোপ কমেছে

দেশে সোয়াইন ফ্লুর প্রকোপ কমেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ১৫ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। রোববার আইইডিসিআরের সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে এ পর্যন্ত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন ৬০৪ জন। তবে এর মধ্যে ৮৫ শতাংশই বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2009, 08:54 AM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে সোয়াইন ফ্লুর প্রকোপ কমেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ১৫ লাখ টিকা চেয়েছে বাংলাদেশ। রোববার আইইডিসিআরের সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে এ পর্যন্ত সোয়াইন ফ্লুতে আক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন ৬০৪ জন। তবে এর মধ্যে ৮৫ শতাংশই বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়েছেন। আইইডিসিআর পরিচালক মাহমুদুর রহমান বলেন, "বাংলাদেশে এখন সোয়াইন ফ্লুর প্রকাপ অনেক কমে গেছে।" আইইডিসিআর জানায়, সোয়াইন ফ্লুর জন্য দায়ী ভাইরাস এইচ১এন১ এ এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৬০৫ জন। গত দুই সপ্তাহে পরীক্ষায় ২৩২ জন সনাক্ত হওয়ায় এ সংখ্যা দাঁড়ায়। তবে গত দুই সপ্তাহে আর কারও মৃত্যু হয়নি বলে জানান মাহমুদুর রহমান। সোয়াইন ফ্লুতে সরকারি হিসাবে এ পর্যন্ত দেশে তিনজনের মৃত্যু হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের ১৯১টি দেশে এ রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৮ হাজার ৯২৫ জন। এর মধ্যে মারা গেছে ৩ হাজার ৯১৭ জন। যা মোট রোগীর ১ শতাংশেরও কম। আইইডিসিআর জানায়, বাংলাদেশে এ পর্যন্ত মাত্র ১৪ দশমিক ৭ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকি ৮৫ দশমিক ৩ শতাংশ বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়েছেন। সোয়াইন ফ্লু আক্রান্তদের মধ্যে ৫২ দশমিক ২ শতাংশ ঢাকার এবং ৪৭ দশমিক ৮ শতাংশ ঢাকার বাইরের। আক্রান্তের মধ্যে বিদেশ থেকে এসেছে ৬ দশমিক ৯ শতাংশ। তাদের মাধ্যমে পরিবারের সদস্য আক্রান্ত হয়েছে ৪ দশমিক ৩ শতাংশ। মাহমুদুর বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে আমরা এইচ১এন১ ভাইরাসের ১৫ লাখ টিকা চেয়েছি। আশা করছি এ বছরের শেষ নাগাদ ওই টিকা আমরা পেয়ে যাব।" সোয়াইন ফ্লু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম পরিচালনার কথা জানিয়ে আইইডিসিআর পরিচালক বলেন, " অক্টোবরে রাজধানীর প্রতিটি স্কুল থেকে ১/২ জন করে নিয়ে ২৪০ জন শিক্ষককে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন করে তুলবে। পর্যায়ক্রমে ঢাকার বাইরের স্কুলের শিক্ষকদের এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।" সোয়াইন ফ্লুর প্রকোপ কমলেও বর্তমানে ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের প্রকোপ বেড়েছে জানিয়ে এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে আইইডিসিআর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/এমআই/১৪৪০ ঘ.