শিহাব উদ্দিন কিসলু
নিউ ইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউ ইয়র্ক সময় শনিবার বিকালে জাতিসংঘ সদর দপ্তরে ক্ষুধামুক্ত বিশ্ব: খাদ্য নিরাপত্তায় বিশ্ব উদ্যোগ শীর্ষক এক সেমিনারে তিনি এ সুপারিশ তুলে ধরেন।
বন্যা-খরাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সদস্য দেশগুলোকে সহায়তার জন্য জাতিসংঘের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন হাসিনা।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ওই সেমিনার আয়োজন করে। সেমিনারে জাতিসংঘ মহাসচিবের পাশেই বসেন হাসিনা। বান কি মুনের অপর পাশে ছিলেন হিলারি।
প্রধানমন্ত্রী বলেন, বন্যা-খরাসহ প্রাকৃতিক দুর্যোগ এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের নানা সমস্যা মোকাবেলায় সহযোগী দেশগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ টাস্কফোর্সের দেওয়া প্রস্তাবের প্রতি সমর্থন জানান হাসিনা। জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে ২০০৮ সালের এপ্রিলে এ টাস্কফোর্স গঠিত হয়।
খাদ্য নিরাপত্তায় প্রধানমন্ত্রীর সুপারিশমালার মধ্যে রয়েছে- সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে কার্যক্রম পরিচালনা; বহুজাতিক পর্যায়ে তহবিল গঠন; তহবিল সংগ্রহে দেওয়া প্রতিশ্র"তি নিশ্চিত করা; দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে খাদ্য বণ্টনে সমতা আনা (ইকুইটেবল ফুড ডিস্ট্রিবিউশন); বেসরকারি খাত, সুশীল সমাজসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ে খাদ্য নিরাপত্তা কার্যক্রমে সমন্বয়ের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল জানিয়ে হাসিনা বলেন, এবারও তার সরকারের লক্ষ্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।
বাংলাদেশের সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে (হাই প্রায়োরিটি) বলে জানান প্রধানমন্ত্রী।
খরা, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথা জানিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম অন্তরায়। তা সত্ত্বেও বর্তমান সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ভর্তুকিসহ বিভিন্ন সুবিধা দিচ্ছে।
খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করায় জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের পদকপ্রাপ্তির কথাও তুলে ধরেন তিনি।
স্বাগত বক্তব্যে বান কি মুন বলেন, বিশ্বে বর্তমানে খাদ্য উৎপাদন পর্যাপ্ত হলেও একশ কোটি লোক ক্ষুধার্ত। এটা প্রত্যাশিত নয়। বিশেষজ্ঞরাও বলছেন, বিশ্বে খাদ্য বণ্টন ব্যবস্থা এক ধরনের সঙ্কটে রয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে টাস্কফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব।
হিলারি বলেন, খাদ্য প্রাপ্তির নিশ্চয়তার সঙ্গে বিশ্ব নিরাপত্তার বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত।
তিনি প্রতিম্রুতি দেন, কৃষি উৎপাদন বাড়াতে আগামী তিন বছর যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে ৩৫০ কোটি ডলার সহায়তা দেবে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামি, যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী ইভান লুইস, সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী চেখ পিডিয়ানে গাদাইয়ো, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ, বিশ্ব ব্যাংকের মহাপরিচালক গোজি ওকোনজো আইয়েলা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউকে/এফএফ/এমআই/১২৩৫ ঘ.
bdnews24