সিলেটে পূজামণ্ডপে বোমাসদৃশ বস্তু উদ্ধার
রাজধানীর পর এবার সিলেটে পূজামণ্ডপ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। নগরীর নাইওরপুলে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপে তল্লাশি চালানোর সময় শনিবার বস্তুটি পাওয়া যায়। আতঙ্ক ছড়ানোর জন্য দুষ্কৃতকারীরা এটি ফেলে রেখেছিল বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা।
সিলেট, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পর এবার সিলেটে পূজামণ্ডপ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
নগরীর নাইওরপুলে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপে তল্লাশি চালানোর সময় শনিবার বস্তুটি পাওয়া যায়। আতঙ্ক ছড়ানোর জন্য দুষ্কৃতকারীরা এটি ফেলে রেখেছিল বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা।
বেলা সাড়ে ১১টায় দুর্গা মন্দিরের পাশে একটি সাংস্কৃতিক মঞ্চের নিচে লাল প্লাস্টিকে মোড়ানো ৬ ইঞ্চি লম্বা বোমাসদৃশ একটি বস্তু দেখতে পায় র্যাব। এরপর এটিকে পানিভর্তি বালতির মধ্যে ডুবিয়ে রাখা হয়।
প্রায় ১ ঘণ্টা পরীক্ষার পর দুপুর সাড়ে ১২টায় নিশ্চিত হওয়া যায় এটি বোমা নয়।
র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার সৈয়দ অনঘ সাংবাদিকদের বলেন, "নিয়মিত তল্লাশির সময় বস্তুটি পাওয়া গেছে। হয়তো কেউ আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এটি এখানে ফেলে রেখেছে।"
"এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই", বলেন তিনি।
র্যাব কর্মকর্তা অনঘ জানান, এ ঘটনার পর পূজা মণ্ডপগুলোতে র্যাবের টহল জোরদার করা হচ্ছে।
শুক্রবার রাতে রাজধানীর বনানী খেলার মাঠে পূজামণ্ডপের কাছ থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। সেটির মধ্যে কোনও বিস্ফোরক ছিল না বলে পরীক্ষা করে র্যাব জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫২৭ ঘ.
