ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর ও বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় দুই জন মহিলা নিহত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদরের সাইন বোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শনিবার সকাল ৯টার দিকে পারাপারের সময় বাস চাপায় এক মহিলা ঘটনাস্থলেই মারা যান।
নিহত আছিয়া বেগম (৫০) কিশোরগঞ্জের কুলিয়ার চর থানার ছয়সুতি গ্রামের ফজলুল হকের স্ত্রী।
মহাসড়ক পুলিশের নাওজোর ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার গ্রামের বাড়ি থেকে গাজীপুর সদরের (বোর্ড বাজার) সাইনবোর্ড এলাকায় মেয়ে নাজমার বাসায় বেড়াতে এসেছিলেন আসিয়া। নাজমা স্থানীয় কুলিয়ার চর গার্মেন্টস নামের একটি কারখানায় হেলপার পদে চাকুরি করে।
আছিয়া বেগমের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর।
পুলিশ বাসটি আটক করতে পারেনি।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোল্লাহাটে উপজেলার মাদ্রাসা ঘাট এলাকায় শনিবার রাস্তা পার হওয়ার সময় বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মহিলা নিহত হন।
নিহত হাসিয়া বেগম (৫০) মোল্লাহাটের গাওলা ইউনিয়নের সারুলিয়া গ্রামের আক্তার শেখের স্ত্রী।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের মাদ্রাসা ঘাট সকাল ১০টার দিকে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাসিয়া বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায়। তিনি এ সময় নিজ বাড়ি থেকে জয়ডিহি গ্রামে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিলেন।
হাসিয়া বেগমের লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৩০ ঘ.
bdnews24